আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দায়ের করা একটি মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত ৬ অক্টোবরের প্রথম আলোতে ‘খুনের পরিকল্পনায় খুলনা আ.লীগের চার নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে মানসম্মান ক্ষুণ্ন করার অভিযোগ এনে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বাদী হয়ে ৩ নভেম্বর খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক ইফতেখার মাহমুদকে বিবাদী করা হয়। এতে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।আজ সকালে এ মামলায় হাইকোর্টে উপস্থিত হয়ে প্রথম আলোর সম্পাদক জামিনের আরজি জানান। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রমজান আলী সিকদার।এর আগে ২৯ ডিসেম্বর এ মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান প্রতিবেদক ইফতেখার মাহমুদ। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে বলে জানা গেছে।নারায়ণগঞ্জের মামলা স্থগিত: গত ২৯ ডিসেম্বর নারায়ণগঞ্জে দায়ের হওয়া অন্য একটি মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়।হাইকোর্টের আদেশ-সংক্রান্ত আইনজীবী সনদসহ ১ জানুয়ারি দরখাস্ত বিচারিক আদালতে দাখিল করা হয়। প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদকের পক্ষে ২৭ জন আইনজীবী দরখাস্ত আদালতে তুলে ধরেন। পরে আদালত আগামী ২৯ মার্চ পর্যন্ত ওই মামলার কার্যক্রম স্থগিত করেন।গত ১৪ ডিসেম্বর প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদকের বিরুদ্ধে এ মামলাটি করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সেক্রেটারি ফর সোশ্যাল সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট মুহাম্মদ মহসীন মিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ক-অঞ্চল) মামলাটি করেন। এতে বাদী অভিযোগ করেন, ১০ ডিসেম্বর প্রথম আলোর ১২ পৃষ্ঠায় ‘অভিষেকে প্রধান বিচারপতি’ শিরোনামে ‘সরল গরল’ কলামে মিজানুর রহমান খানের লেখা ছাপা হয়। ওই লেখায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব আইনজীবীর সামাজিক মর্যাদা ও সম্মানহানি ঘটেছে। ১৪ ডিসেম্বর বিচারিক হাকিম মামলাটি গ্রহণ করে প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন এবং ১ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেছিলেন।