আগাম টিকিট বিক্রি শেষ দুর্ভাবনায় হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। কুমিল্লা থেকে ঘরে ফেরার তাড়া অনুভব করছে হাজারো মানুষ। মহাসড়কে যানজট, সীমাহীন দুর্ভোগ। তাই ট্রেনে যেতে চায় গন্তব্যে। কিন্তু কুমিল্লা থেকে ঢাকাগামী সব কটি ট্রেনের আগাম টিকিট বিক্রি গতকাল সোমবার শেষ হয়ে গেছে। হাজারো মানুষের ঘরে ফেরা হয়ে পড়েছে অনিশ্চিত! কুমিল্লা রেলস্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে বহুসংখ্যক যাত্রীকে বিরস মুখে ফিরে আসতে হয়। কখনো রেলওয়ের কর্মকর্তা, কালোবাজারি ও যাত্রীদের মধ্যে বাগিবতণ্ডা বাধে। এসব নিয়ে প্রায়ই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কুমিল্লা রেলস্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন কুমিল্লা হয়ে কমপক্ষে ৪০টি যাত্রীবাহী ট্রেন, কনটেইনার ট্রেন ও মালবাহী ট্রেন আসা-যাওয়া করে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, লাকসাম, ফেনী, নোয়াখালী, সোনাইমুড়ি, চৌমুহনী, মাইজদী, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, নরসিংদী, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও সিলেটসহ ১৭টি স্থানে যাতায়াতের সুবিধা রয়েছে। এসব ট্রেনে কুমিল্লা স্টেশন থেকে সব মিলিয়ে আসন রয়েছে মাত্র এক হাজার ২২৭টি।এসব আসনের মধ্যে চট্টগ্রামের জন্য ৫২১টি, ঢাকার জন্য ১২৫টি, সিলেটের জন্য ১৫১টি, ব্রাহ্মণবাড়িয়ার জন্য ১১৭টি, নোয়াখালীর জন্য ৭৩টি আসন রয়েছে। বাকি আসনগুলো অন্য ১২টি স্থানের জন্য বরাদ্দ। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের ভিড়। এদের মধ্যে আবুল হোসেন ও মোস্তাক মিয়া প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা থেকে তূর্ণা নিশীথা ট্রেনে করে চট্টগ্রাম যাওয়ার জন্য টিকিট করতে এসেছি। কিন্তু বলা হচ্ছে, টিকিট নেই। অথচ কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে ঠিকই।’ বেশ কয়েকজন যাত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট আর কুমিল্লা থেকে সড়কপথে সিলেটে যাতায়াতের ভালো কোনো পরিবহন না থাকায় তাঁরা ট্রেনযাত্রা পছন্দ করেন। কিন্তু টিকিট না পেয়ে এখন বাড়ি ফেরা নিয়ে দুর্ভাবনায় রয়েছেন তাঁরা। কুমিল্লার স্টেশনমাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার গতকাল বলেন, ‘বিভিন্ন যাত্রাপথে কুমিল্লার জন্য বরাদ্দকৃত আসনের বাইরে আমাদের টিকিট বিক্রির সুযোগ নেই। ঈদ উপলক্ষে আগাম টিকিট বিক্রি তিন দিনে শেষ হয়ে গেছে। এখন চট্টগ্রামের কিছু টিকিট বাকি রয়েছে।’