আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল সোমবার দেশটিতে আগাম সাধারণ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।দেশটির ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির সহযোগী পিএমএল-কিউ দলের সাংসদ মুহাম্মদ আসিম নাজিরের সঙ্গে এক বৈঠকে গিলানি এ ইঙ্গিত দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আগাম নির্বাচনের সুযোগ খোলা থাকার বিষয়টি তিনি পরিষ্কার করেছেন।’গিলানি বলেছেন, ‘যেসব রাজনৈতিক দল আগাম নির্বাচন চায়, মে মাসে অনুষ্ঠিত বাজেট অধিবেশনের পর তারা আমার সঙ্গে কথা বলতে পারে।’ এর আগে গত রোববার সুইজারল্যান্ডের দাভোস থেকে ফিরে তিনি পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একই ধরনের ইঙ্গিত দেন।সাংবাদিকদের গিলানি জানান, আগাম নির্বাচনের বিষয়ে তিনি ক্ষমতাসীন জোটের অন্যান্য দল ও বিরোধীদের সঙ্গে আলোচনা করবেন। তিনি জানান, মে মাসে বাজেট পাসের পর যেকোনো সময় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।২০১৩ সালের মার্চে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দেশকে সংকটের থেকে রক্ষা করতে পিএমএল-এন, জামিয়াত উলেমা-ই ইসলামসহ বেশ কয়েকটি বিরোধী দল আগাম নির্বাচন দাবি করেছে।