আগাম নির্বাচনের কথাও ভাবছে সরকার
মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ে চিন্তাভাবনা চলছে। আর আগাম নির্বাচন দেওয়ার ক্ষেত্রে আগামী বছরের মার্চ-এপ্রিল বা মে মাসকে বিবেচনায় নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের ভেতর-বাইরের অনেকে মনে করছেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে জামায়াতে ইসলামীর একাধিক নেতার মামলার রায় হতে পারে। আর তাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি উজ্জীবিত হবে, সরকারের জনপ্রিয়তাও বাড়বে। আর তা কাজে লাগিয়ে স্বাধীনতার মাস মার্চে আগাম নির্বাচন দেওয়ার বিষয়টি চিন্তায় আছে। তবে মার্চে সম্ভব না হলে এপ্রিল বা মে মাসে তা হতে পারে। আইনশৃঙ্খলা-সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তাও প্রথম আলোকে জানান, এ সময়ে আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা নিয়ে তাঁরা কাজ করছেন।মহাজোটের শরিক দলের শীর্ষস্থানীয় এক নেতা বলেন, সরকার মনে করছে, বিরোধী দল এখনো সংগঠিত নয়। আগাম নির্বাচন দিলে তারা সংগঠিত হওয়ার সুযোগ পাবে না।প্রধান বিরোধী দল বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, তাঁরাও নানাভাবে তথ্য পাচ্ছেন, সরকার হঠাৎ আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দিতে পারে, যাতে বিএনপি প্রস্তুতি নিতে না পারে।বিএনপির নেতারা জানান, ক্ষমতাসীন মহাজোটের অন্যতম প্রধান শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সম্প্রতি দলীয় এক সভায় তাঁর নেতা-কর্মীদের আগাম নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এরশাদ এ-ও বলেছেন, প্রধান বিরোধী দল যাতে সংগঠিত হতে না পারে, মূলত এ কারণেই সরকার আগাম নির্বাচন দিতে পারে। গণমাধ্যমে এরশাদের এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি আরও বেশি করে বিবেচনায় নিয়েছেন বিএনপির নেতারা। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বলেছেন, সরকার দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের পাঁয়তারা করছে। তা হতে দেওয়া হবে না।অবশ্য মহাজোট সরকারের আরেক শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগাম নির্বাচনের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই।জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘আগাম নির্বাচন হলে হয়তো এরশাদ সাহেবের সুবিধা। এ কারণে তিনি এ ধরনের কথা বলে থাকতে পারেন। তবে আওয়ামী লীগের ভেতরে এ নিয়ে এখনো আলোচনা হয়নি।’আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তাঁর দল গণতন্ত্রে বিশ্বাসী। তাঁরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।এদিকে গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। তিনি এ-ও বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য কিছু সামগ্রী আছে, যা বিদেশ থেকে আমদানি করতে হয়। এগুলো আসতে ছয় মাসের মতো সময় লাগে। সেসব সামগ্রীও ইতিমধ্যে আনা হয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আগাম নির্বাচন দিক আর যা-ই দিক, তা নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। তা না হলে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’ তিনি এ-ও বলেন, ‘সাজানো নির্বাচন করতে সরকারের নীলনকশার কথা আমরা জানি, এটা মোকাবিলা করার সামর্থ্য বিএনপির আছে।’বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। অর্থাৎ, আগামী বছরের ২৭ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে।আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদেও (১৯৯৬-২০০১) শেখ হাসিনা আগাম নির্বাচন দিতে চেয়েছিলেন—এমন তথ্য এবার আলোচনায় এসেছে। তখন তিনি এ ব্যাপারে মদিনা শরিফে ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু দলীয় চাপে শেষ পর্যন্ত আগাম নির্বাচনের চিন্তা থেকে সরে আসতে হয় তাঁকে। সরকারঘনিষ্ঠ একাধিক মহল থেকে জানা গেছে, এখন পর্যন্ত যে চিন্তা-পরিকল্পনা, তাতে আগামী নির্বাচনে সেনাবাহিনীকে যুক্ত করার সম্ভাবনা নেই। সে ক্ষেত্রে পুলিশ, বিডিআর, র্যাব, আনসার মোতায়েন করে যাতে সুষ্ঠু নির্বাচন করা যায়, সে জন্য বিভাগ ধরে একাধিক দিনে ভোট গ্রহণের কথা ভাবা হচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, আগাম নির্বাচন হলে আইনশৃঙ্খলা রক্ষায় কী কী ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।