আগাম নির্বাচনের দিকে যাচ্ছে পাকিস্তান!
পাকিস্তানের ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও তাদের শরিক দলগুলো দেশটিতে আগাম সিনেট ও সাধারণ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পাকিস্তানের ডেইলি টাইম জানিয়েছে।তবে বৈঠক শেষে পাকিস্তানের ক্ষমতাসীন জোটগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন।ডেইলি টাইম জানিয়েছে, ক্ষমতাসীন পিপিপি ও জোটের অন্য দলগুলো ফেব্রুয়ারির মধ্য নাগাদ সিনেট নির্বাচন ও চলতি বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে।তবে কোনো কোনো বেসরকারি টিভি চ্যানেল দেশটির কেন্দ্রীয় ধর্মবিষয়ক মন্ত্রী খুরশিদ শাহের বরাত দিয়ে জানিয়েছে, ২০১৩ সালের পরিবর্তে চলতি বছরের জুন মাসে বাজেট পেশের পর যেকোনো সময়ই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে সিনেট নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি দেশটির প্রধান নির্বাচন কমিশনকে (সিইসি) প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। এ জন্য তিনি সিইসিকে দ্রুত তফসিল ঘোষণা করতেও বলেছেন।পিপিপি তাদের সব শরিককে সঙ্গে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলেই খবরে বলা হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই বৈঠকে সভাপতিত্ব করেন।