আগাম ভোট দেবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট-দলীয় প্রার্থী বারাক ওবামা আগাম ভোট দেবেন। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।আগামী ৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে শুক্রবার নিজের ভোটটি আগাম দিতে পারেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে আগাম ভোট দেওয়ার ঘটনা এই প্রথম ঘটতে যাচ্ছে। ৬ নভেম্বর নির্বাচনের আগে কলোরাডো, ওহাইও, নেভাদা ও ভার্জিনিয়া সফর করবেন ওবামা। এ সময় শিকাগোতে যাত্রাবিরতি করে নিজের ভোটটি দেবেন বলে জানিয়েছেন তিনি। ওবামা বলেন, ‘এই ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগে আগাম ভোট দেওয়ার জন্য আমি শিকাগোতে যাত্রাবিরত করব।’নিজের ভোট দেওয়া নিয়ে হাস্যরস করে ওবামা বলেন, ‘আমি কাকে ভোট দেব, তা বলতে পারছি না। এটা গোপন ভোট। কিন্তু মিশেল বলেছে, সে আমাকেই ভোট দেবে।’মার্কিন নির্বাচনী আইনে ভোটাররা নির্বাচনের নির্দিষ্ট দিনের আগে ভোট দেওয়ার সুযোগ পান। রাজ্যভেদে আগাম ভোট দেওয়ার তারিখ ও সময় ভিন্ন ভিন্ন। ওবামার নির্বাচনী প্রচারণার মুখপাত্র জে পাসাকি শিকাগোতে সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে আগাম ভোট দিয়ে ইতিহাস গড়বেন ওবামা।