আগামি ২৫ ফেব্রুয়ারি কুয়েত যাচ্ছেন রাষ্ট্রপতি
চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৫ ফেব্রুয়ারি কুয়েত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর আমন্ত্রণে কুয়েতের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তিনি কুয়েত যাচ্ছেন বলে জানা গেছে।২৫ ফেব্রুয়ারি কুয়েতের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ বিমানযোগে কুয়েতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।জানা গেছে, রাষ্ট্রপতি জিল্লুর রহমান কুয়েতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি সামরিক মহড়া পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি কুয়েতের আমিরের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেবেন।২৭ ফেব্রুয়ারি কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী কনটিনজেন্টের রাষ্ট্রপতির দরবার এবং কুয়েতে বসবাসরত প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে পৃথক দুটি অনুষ্ঠানেও অংশ নেবেন ।২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি কুয়েত সফর শেষে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। —বাসস