আগামী অধিবেশনেই তত্ত্বাবধায়ক বিল চায় বিএনপি
আগামী মাসে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালসংক্রান্ত বিল উপস্থাপনের দাবি বিএনপির। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ আহ্বান জানান।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন। কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে, সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিল আনা হলে তা আর থাকবে না।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ১৯৯৬ সালে জাতীয় সংসদে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিল পাস হয়েছিল, সেই একই রূপরেখায় এবারেরটিও করতে হবে।জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকার ক্ষোভ প্রকাশ করছে। তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কিসের ক্ষোভ?’ গ্রামীণ ব্যাংক নিয়ে অধ্যাদেশ জারি করায় যে কলঙ্ক হয়েছে, সরকার তা মুছতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি এসব মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, পক্ষপাতদুষ্ট তদন্ত দিয়ে তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার আসামি করা হয়েছে। কিন্তু মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে সাজা দেওয়ার সময় ও সুযোগ এই সরকার আর পাবে না বলেও তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।