আগামী অর্থবছর হবে ঝুঁকি মোকাবিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১১-১২ অর্থবছরটি ঝুঁকির বছর বলে স্বীকার করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘গত দুটি অর্থবছরে মন্দা মোকাবিলা করেছি। আগামী অর্থবছরে করা হবে ঝুঁকি মোকাবিলা।’অর্থমন্ত্রী জানান, মন্দা মোকাবিলার জন্য গঠিত টাস্কফোর্সের মেয়াদ আগামী দুই মাসের মধ্যে শেষ করে দেওয়া হবে। তারপর গঠন করা হবে ঝুঁকি মোকাবিলার টাস্কফোর্স।বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা জানান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শুক্রবার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পুরো সংবাদ সম্মেলনই ছিল মূলত প্রশ্ন ও উত্তরনির্ভর।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। সঙ্গে রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এম মোশাররাফ হোসাইন ভুইঞা ও পরিকল্পনাসচিব মনজুর হোসেনকে।এ সময় সামনে বসা ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রমুখ।সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী জানিয়ে দেন, যা বলার বাজেট বক্তব্যেই তিনি বলে দিয়েছেন। নতুন করে তাঁর কিছু বলার নেই, বরং সবাইকে নিয়ে শুধু প্রশ্নের উত্তর দেবেন তিনি। যদিও সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নেরই তিনি উত্তর দেননি।অর্থমন্ত্রী বলেন, বাজেট নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। বিশাল বাজেট, বড় বাজেট, এই বাজেট বাস্তবায়ন করা যাবে না ইত্যাদি। কে কী অভিমত দিলেন, তা নিয়ে মন্তব্য করতে চান না তিনি। সংবাদমাধ্যমকে দোষারোপ করে অর্থমন্ত্রী বলেন, তারা সারা বছরই অর্থনীতিতে বিপর্যয় হয়েছে বলে আসছে, কিন্তু অর্থনীতি অত্যন্ত সুস্বাস্থ্যের।তবে আগামী বছরটি অত্যন্ত জটিল হবে স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, মন্দা থেকে যখনই বড় ধরনের কোনো উত্তরণ হয়, তখনই একধরনের জটিলতা দেখা দেয়। সে জন্য কী করতে হবে, তার ইঙ্গিত দেওয়া হয়েছে। শুধু ইঙ্গিত নয়, রাজস্ব আয় বাড়ানোসহ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।আগামী বাজেটে বেসরকারি খাতকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার ঘোষণার কথা জানান অর্থমন্ত্রী। পাশাপাশি তিনি এ-ও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে বাজেট বক্তব্যে তিনি যে চিত্র দিয়েছেন, তাকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।এ বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘গ্যাসের ক্ষেত্রে আরও ভালো কিছু হলে খুশি হতাম। অবশ্য গ্যাস আহরণ অনেক সময়সাপেক্ষ ব্যাপার হলেও আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাস সরবরাহ বাড়বে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাশিয়ায় গিয়ে শুধু গ্যাস নিয়েই কথা বলেছেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী অর্থবছরে এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে দুর্বলতা দিনে দিনে কেটে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।সরকারি কর্মকর্তাদের কর দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘তাঁদের বেতন ৬২ শতাংশ বাড়িয়েছি। আমার মনে হয় তাঁদের স্বার্থ দেখা হয়। কর দিতে থাকুক, দেখা যাবে বছর শেষে কী দাঁড়ায়।’সিগারেটের দাম বাড়ানো প্রসঙ্গে এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, এতে ধূমপান নিরুৎসাহিত হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে।রাজনৈতিক প্রসঙ্গ: বিএনপির বিকল্প বাজেট প্রস্তাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিএনপির বক্তৃতাটি এসেছে আমার বক্তৃতার কয়েক ঘণ্টা আগে। তখন আমার বক্তৃতা প্রেসে। বিএনপি দীর্ঘমেয়াদি চিন্তার কথা বলেছে। দ্বিতীয় পদ্মা সেতু, তৃতীয় পদ্মা সেতু নির্মাণের কথা বলেছে। কিন্তু তাদের পরিকল্পনা তো কোনো দিন পূর্ণ হয়নি।’এ বিষয়ে অর্থমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, আসুন, সংসদে আসন খালি, বক্তব্য দিন। জানি না, কী কারণে তাঁরা আসছেন না।’অর্থমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, ব্যর্থতা থেকে এমনটি হতে পারে। প্রত্যাশা যখন পূরণ হয় না, তখন হতাশা সৃষ্টি হয়। বিএনপির প্রতিটি ক্ষেত্রে তা-ই হয়েছে।’সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এবং বিরোধী দলের হরতাল ডাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, যেসব রাজনৈতিক প্রসঙ্গ উঠেছে, সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করা যাবে। তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলেরই মানুষের প্রতি কমিটমেন্ট থাকা উচিত। দেখতে হবে, দেশের ও মানুষের জন্য কোনটা আগে।কালো টাকা: কালো টাকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নৈতিকভাবে যথাযথ নয়। অর্থ মন্ত্রণালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সর্বোচ্চ ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ কালো টাকা থাকতে পারে। অর্থাৎ দেশের ভেতরে বিত্তের অভাব নেই। কিন্তু এই টাকাকে মূলধারায় আনতে পারছি না।’সে কারণেই কালো টাকাকে বন্ডে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে বন্ড ছাড়া হবে। কালো টাকা এই বন্ডে বিনিয়োগ করতে বলেছি। উদ্দেশ্যটা সেখানেই বলে দেওয়া হয়েছে। তবে সুযোগটা সবার জন্য।’৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে যে বস্ত্র খাতে, সেই খাত নিয়ে বাজেটে তেমন কোনো নীতি-সমর্থন না থাকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বস্ত্র খাতের বিষয়টি অত্যন্ত জটিল। বস্ত্র ও তৈরি পোশাক খাতের মধ্যে সমন্বয়ের ব্যাপার রয়েছে। আগামী মাসের মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএকে নিয়ে একটি বৈঠক করা হবে।শেয়ারবাজার: বাজারে টাকার সরবরাহ কমে গেলে পুুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হবে কি না, সাংবাদিকেরা এমন প্রশ্ন করলে অর্থমন্ত্রী নিজে উত্তর না দিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ও অর্থসচিবকে জবাব দিতে বলেন। অর্থ উপদেষ্টা বলেন, পুঁজিবাজারের কাজ বিনিয়োগে সমমূলধন বা ইক্যুইটির অংশ বাড়ানো। সেটা না হলে কেবল শেয়ারের আদান-প্রদান অর্থনীতিতে তেমন কোনো প্রভাব ফেলে না। শেয়ারবাজারে যাঁরা বিনিয়োগ করেন, তাঁদের সবারই আশা—দাম সব সময় বাড়তে থাকবে। কিন্তু শেয়ারের পেছনে যে সম্পদ থাকে, সেটির দাম প্রতিদিন বাড়ে না। তাই শেয়ারের দাম প্রতিদিন বাড়বে এমন আশা করা অযৌক্তিক। আর এই অযৌক্তিক ইচ্ছা বাস্তবায়িত না হলেই একশ্রেণীর লোক নৈরাজ্য সৃষ্টি করে। অর্থ উপদেষ্টা আরও বলেন, শেয়ারে যাঁরা বিনিয়োগ করেন, ঝুঁকি নেন, তাঁদের আচরণের সঙ্গে এই আচরণ মেলে না। অর্থসচিব বলেন, ‘মুদ্রাবাজার ও পুঁজিবাজার ভিন্ন জিনিস। মুদ্রাবাজারের কাজ অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে টাকার মান নিয়ন্ত্রণ করা আর পুঁজিবাজারের কাজ জনসাধারণের কাছ থেকে শিল্পের মূলধন সংগ্রহ করা। এই দুটি খাতের মধ্যে যে খুব একটা সম্পর্ক নেই, তা যতই বুঝতে পারব, ততই সুবিধা।’এডিপি: বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন নিয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, প্রতিবছরই এডিপির আকার বড় হয়ে যাচ্ছে, কিন্তু শতভাগ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এ জন্য সুশীল সমাজ থেকে শুরু করে গণমাধ্যমে অভিযোগ তোলা হয় যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অযোগ্যতা রয়েছে। কিন্তু যাঁরা এর সঙ্গে সম্পৃক্ত, তাঁরা বলবেন, কোথাও কোনো গাফিলতি নেই। এডিপি বাস্তবায়নের ব্যাপারে তাঁরা সব সময় আন্তরিক। পরিকল্পনামন্ত্রী বলেন, বাস্তবায়নের সমস্যাটা হয় মূলত বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পগুলোতে। উন্নয়ন-সহযোগী দেশগুলোর শর্ত পরিপালন করতে গিয়ে সময়মতো প্রকল্প ব্যয় করা সম্ভব হয় না।বৈদেশিক লেনদেনের ভারসাম্য: এ প্রসঙ্গে আতিউর রহমান বলেন, ‘আমি যখন দায়িত্ব গ্রহণ করি, তখন বৈদেশিক মুদ্রার মজুদ ছিল পাঁচ বিলিয়ন ডলারের কিছু বেশি, কিন্তু বর্তমান সরকারের আমলেই তা ১১ বিলিয়ন ছাড়িয়ে গেছে। তার পরও বৈদেশিক মুদ্রার লেনদেনের ভারসাম্য কিছুটা চাপে রয়েছে। এটি হয়েছে অর্থনীতির ইতিবাচক অগ্রগতির কারণেই। এ বছর বিপুল পরিমাণ মূলধনি যন্ত্রপাতি আমদানি হয়েছে, যে জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয়ের প্রয়োজন পড়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিদেশ থেকে ঋণ নেওয়ার পরামর্শ দেন।আতিউর রহমান বলেন, বিদেশ থেকে এখন সস্তায় ঋণ পাওয়া যাচ্ছে। উদ্যোক্তারা চাইলে বিদেশ থেকে মূলধনও সংগ্রহ করতে পারে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়বে, অন্যদিকে লেনদেনের ভারসাম্যের ওপর চাপও কমবে।জিডিপির প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি ৬ দশমিক ৬৬ শতাংশ হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এটি চূড়ান্ত হতে আরও কয়েক মাস লাগবে। বিবিএসের সীমাবদ্ধতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘বিবিএসকে ধ্বংস করেছে চারদলীয় জোট। আপনারাও এর সঙ্গে শামিল হয়েছেন। এর কোনো প্রতিবাদ করেননি। এটা মনে হলেই আমি সেন্টিমেন্টাল হয়ে যাই।’উত্তেজিত হয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি যখন বিদেশে পরামর্শকের কাজ করেছি, তখন বিবিএসের অনেক প্রশংসা শুনেছি। সেই বিবিএসকে ধ্বংস করা হয়েছে। এটিকে ধ্বংসস্তূপ থেকে এখন উদ্ধার করার চেষ্টা করছি।’ বিবিএসের পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা রয়েছে বলে মন্তব্য করেন মসিউর রহমান। বিবিএসের জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কাছ থেকে প্রশ্ন ওঠা প্রসঙ্গে মসিউর রহমান বলেন, সিপিডি বিভিন্নভাবে হিসাব করে। এই পরিমাণ বিনিয়োগ হলে এই পরিমাণ প্রবৃদ্ধি হবে। কিন্তু সঞ্চয়ের মতো অনেক বিষয় হিসাবে উঠে আসে না।মসিউর রহমান আরও বলেন, থিংক-ট্যাংক হিসেবে সিপিডি বহুদিন কাজ করেছে। পানির আধারে যদি গতিশীলতা না থাকে, তা হলে পানির গুণগত মান আস্তে আস্তে কমে যায়, স্থবিরতা আসে। অনেকগুলো থিংক-ট্যাংক তখন অসুবিধা বোধ করতে পারে।