আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ
আগামী ২০১২-১৩ অর্থবছরে মোট দেশজ উত্পাদনে প্রবৃদ্ধির হার (জিডিপি) ৭ দশমিক ২ শতাংশ ধার্য করা হয়েছে।যদিও চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আশা করেছিলেন প্রবৃদ্ধির হার ৭ শতাংশ হবে । কিন্তু তা অর্জন করা যায়নি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ২০১২ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি দাঁড়াতে পারে ৩ দশমিক ৫ শতাংশ। বিকাশমান ও উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে এ প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশ হতে পারে। তিনি বলেন, ‘অন্যান্য বিকাশমান ও উন্নয়নশীল অর্থনীতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখতে আমরা সক্ষম হয়েছি।’ অর্থমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরে দেশে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। আর সাময়িক হিসাব অনুযায়ী ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হিসাব দিয়েছে।তবে অর্থমন্ত্রী এ বিষয়ে সন্তুষ্ট নয়। তিনি বলেন, ‘আমার বিবেচনায় বিবিএসের হিসাবে তিনটি বিষয় প্রাধান্য পায়নি, যথা—বাম্পার বোরো ধানের ফলন এবং এপ্রিল মাস থেকে অভ্যন্তরীণ চাহিদার বিকাশ। এ ছাড়া এই সময়ে বিদ্যুত্ উত্পাদনে অর্জন প্রশংসনীয় এবং বার্ষিক উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অনেক সবল হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এইসব কারণে আমার বিশ্বাস যে এই মাসে শেষ হতে যাওয়া বর্তমান অর্থবছরে আমাদের প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি হবে।’অর্থমন্ত্রী বলেন, পূর্বাভাস অনুযায়ী ২০১৩ সাল নাগাদ বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বাণিজ্য ও কৃষি খাতে সন্তোষজনক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। উত্পাদনশীল খাতে ঋণ সরবরাহ নিশ্চিত হবে এবং সর্বোপরি বিদ্যুত্, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো খাতে ধীরে ধীরে ঘাটতি কমে আসবে। এ প্রত্যাশায় অর্থমন্ত্রী আগামী ২০১২-১৩ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বলে জানান সংসদকে।