আগামী অর্থবছরে মূল্যস্ফীতি বাড়বে, কমবে ভর্তুকি: অর্থমন্ত্রী
আগামী ২০১১-১২ অর্থবছরে বৈদেশিক সাহায্য অনেক বেশি আসবে বলে আশাবাদের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, অনেকেই বলছেন যে বৈদেশিক সাহায্য কমে গেছে। ব্যাপারটি মোটেও তা নয়। সাহায্য বরং বেড়ে গেছে, খরচ করা যাচ্ছে না।এ বছরের সাহায্যের পরিমাণ ৩০০ কোটি ডলারের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও ৯০০ কোটি ডলার ছাড়ের অপেক্ষায় (পাইপলাইন) আছে বলেও জানান।এ ছাড়া আগামী বাজেটে বিদ্যুত্, জ্বালানি তেল ও কৃষি খাতে ভর্তুকি কমতে পারে ইঙ্গিত দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবছর ভর্তুকি দিয়ে যাওয়া অর্থনীতির জন্য ক্ষতিকর।’আজ রোববার সচিবালয়ে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা জানান।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী এসময় উপস্থিত ছিলেন।ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন ইআরএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাওসারসহ সদস্য বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার অর্থনৈতিক প্রতিবেদকেরা আলোচনায় অংশ নেন।বৈদেশিক সাহায্য প্রসঙ্গে অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, ‘চলতি বছরেও যে টাকা আছে, তার পুরোটা ব্যবহার করতে পারব না। সাহায্যের তুলনায় খরচের হার এবার গতবারের তুলনায় কম হবে।’ বিদেশি সম্পদকে বিনিয়োগে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদেশি পয়সা অনেক ব্যবহার করতে হবে।চলতি অর্থবছরে বার্ষিক মূল্যস্ফীতি ৭ শতাংশ এবং তার আগেরবার তা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আগামী ২০১১-১২ অর্থবছরে তা কিছুটা বাড়তে পারে। তবে মূল্যস্ফীতি সত্ত্বেও অর্থনীতির সার্বিক অবস্থা ভালো। কারণ হিসেবে তিনি বিনিয়োগ বিনিয়োগ, রাজস্ব আহরণ ও রপ্তানি বৃদ্ধির কথা জানান।