আগামী অর্থবছরের আগেই ভ্যাট আইন সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১০-১০ অর্থবছর শুরু হওয়ার আগেই মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন সংস্কার করা হবে। একই সঙ্গে আয়কর বিবরণী দাখিলের পদ্ধতি সহজ করা হবে এবং অনলাইনের মাধ্যমে আয়কর বিবরণী দাখিল করা যাবে। এ ছাড়া আয়কর বিবরণী ফরমের আকার চার পাতার মধ্যে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। আজ শনিবার আসন্ন জাতীয় বাজেট উপলক্ষে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।রাজধানীর পূর্বাণী হোটেলে এফবিসিসিআইর সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, অর্থ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ এইচ এম মোস্তাফা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরের বাজেটের আকার এক লাখ ৩০ হাজার কোটি টাকা হতে পারে। এ ছাড়া বার্ষিক উন্নয়ন ব্যয় (এডিপি) হবে ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয় বাড়ানোর স্বার্থে ভবিষ্যতে আয়কর আইন সংস্কার করা হবে বলে তিনি ঘোষণা দেন।