আগামী এপ্রিল-মে মাসে পদ্মা সেতুর ভিত্তি স্থাপন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের এপ্রিল-মে মাসে পদ্মা সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের এখন দরপত্র আহ্বানের দিকে যাওয়া উচিত। আগামী মাসেই সেটা করা হবে। পরের বছরের এপ্রিল-মের দিকে করা হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। এটা আমাদের পরিকল্পনা এবং এই পরিকল্পনা বিশ্বব্যাংকসহ অন্যদের (সহ-অর্থায়নকারী) ইতিমধ্যেই জানানো হয়েছে।’ পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরী এক সাক্ষাৎকারে বলেছেন, প্রক্রিয়া যেখানে থেমে ছিল, সেখান থেকে শুরু করলেও আগামী বছরের সেপ্টেম্বরের আগে মূল সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে না। অর্থমন্ত্রী নিজে থেকেই এ প্রসঙ্গটি সাংবাদিকদের কাছে তুললেন, তবে কোনো মতপার্থক্য প্রকাশ করেননি।অর্থমন্ত্রী বলেন, ‘জামিলুর রেজা চৌধুরী যে হিসাবটি দিয়েছেন, সবকিছু নতুন করে করতে হবে। আর আমি যেভাবে হিসাব করেছি, সেতু স্থাপনের দরপত্রের বিষয়ে বিশ্বব্যাংক রাজি হয়েছে এবং সেটাই হবে। কিন্তু আরও কিছু দরপত্রের কাগজপত্র তাদের (বিশ্বব্যাংক) কাছে আছে। আমরা শুনেছি, বিশ্বব্যাংক সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ফেলেছে। এখন চাওয়া হলো, এটা (দরপত্র) যাতে তাড়াতাড়ি হয়।’এপ্রিল-মে মাসের দিকে ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি সরকারের পরিকল্পনা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাদের পরিকল্পনা। বাংলাদেশের পরিকল্পনা।’পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে কথা বলতে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ঢাকায় আসার কথা শোনা যাচ্ছে। তারা কবে নাগাদ আসবে—এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি ঠিক জানি না।’ পদ্মা সেতু প্রকল্পের কেনাকাটা বিষয়ে নতুন একটি পদ্ধতি অবলম্বনের কথা শোনা যাচ্ছে—এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘না, না, না। নতুন করে কিছু করা হচ্ছে না। এটি ‘টার্ন কি’ (অর্থায়নকারীরা পুরো কাজটা সম্পন্ন করবে) পদ্ধতি। এই পদ্ধতি আগেও ছিল, এখনো আছে।’সাধারণত টার্ন-কি পদ্ধতি বলতে বোঝায়, কেউ কোনো স্থাপনা তৈরি করে দেওয়ার সার্বিক দায়িত্ব নেয়। আর তৈরি হলে তা মালিককে বুঝিয়ে দেয়। তবে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পদ্মা সেতুর ক্ষেত্রে টার্ন-কি হলো, বিশ্বব্যাংকসহ উন্নয়ন-সহযোগীদের সমন্বিত একটি দল থাকবে। তারা দরপত্র মূল্যায়ন, নির্বাচন ও কাজ শেষ না হওয়া পর্যন্ত সার্বিক তদারক করবে। কাজটি শেষ হওয়ার পর তা সরকারের হাতে তুলে দেবে।