আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তাভাবনা রয়েছে। এ জন্য আগামী বছরের ২৫ অক্টোবর সম্ভবত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে বলবেন। তাই বড় বড় কাজ যেমন-মেট্রোরেল, পদ্মা সেতু, বিআরটি ও সড়ক চার লেনে উন্নীতকরণের কাজগুলো অক্টোবরের মধ্যে শুরু করব।আজ শনিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের রাজেন্দ্রপুরে সড়ক ও জনপথের ডাকবাংলোতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্পের চারটি প্যাকেজের মধ্যে দুটির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে দেন। ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে, অগ্রাধিকারের ভিত্তিতে ছোট ছোট কাজ, যেমন—রাস্তা মেরামত ও সংরক্ষণের মতো কাজগুলো আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে শেষ করা।’ যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চার প্যাকেজের মধ্যে মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত দুই লেনের কাজ চলছে। আর মাওনা থেকে জয়দেবপুরের চান্দনা-চৌরাস্তা পর্যন্ত বাকি দুই লেনের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলো। মামলাসংক্রান্ত জটিলতার কারণে এই দুই প্যাকেজের কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। তিনি বলেন, এক বছরের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হবে। ওবায়দুল কাদের বলেন, ‘কাজ করলে সমালোচনা হবে। সমালোচনাটা আমার খুব কাজে লাগে। সমালোচনা হলে আমরা সংশোধন হতে পারি। সমালোচকেরা আমার বড় বন্ধু। সমালোচকেরাই সংশোধনের জন্য কাজের গতি বাড়াতে পারে।’ এ সময় যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব (সড়ক বিভাগ) এম এ এন সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান প্রকৌশলী মেজর জেনারেল মো. হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।