আগামী দিনের ন্যানো ও জীবতথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আ মু জহুরুল হক এবং আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন। বাংলাদেশে বিজ্ঞান জনপ্রিয়করণের দুজন স্মরণীয় ব্যক্তিত্ব। জীবনের পুরোটা সময় তাঁরা দিয়ে গেছেন বিজ্ঞানের পেছনে। নিরলস পরিশ্রম করেছেন বিজ্ঞানকে সাধারণের কাছে জনপ্রিয় করে তুলতে। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর মারা যান বিজ্ঞানী আ মু জহুরুল হক। এর ঠিক ১৫ দিন পর মারা যান ইউনেসকো কলিঙ্গ পুরস্কার বিজয়ী বিজ্ঞানলেখক ও বিজ্ঞান আন্দোলনের পুরোধা আবদুল্লাহ আল মুতী। বরেণ্য এই দুই ব্যক্তিত্বের সম্মানে প্রতি নভেম্বর মাসে স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর ঢাকায় হয়ে গেল চতুর্থ জহুরুল হক-আবদুল্লাহ আল মুতী স্মারক বক্তৃতামালা।স্মারক বক্তৃতার জীববিজ্ঞান পর্বের বক্তা ছিলেন পাট, পেঁপে ও রাবারের জিন-নকশা উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলম। ভৌত বিজ্ঞানে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক, বিজ্ঞানলেখক এবং ন্যানোপ্রযুক্তিবিদ ফারসীম মান্নান মোহাম্মদী।আয়োজনে সভাপতিত্ব করেন দেশের জ্যেষ্ঠ জ্যোতির্বিদ ড. এ আর খান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুনির হাসান। এ ছাড়া অনুষ্ঠানে বরেণ্য বিজ্ঞানীদের জীবনী ও স্মৃতিচারণা করেনসৈয়দ জিয়াউল হক, অধ্যাপক মনসুর মুসা ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ন্যানো: আগামী দিনের প্রযুক্তিড. ফারসীম তাঁর বক্তৃতায় আমাদের জন্য নতুন ন্যানো টেকনোলজি বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ন্যানোপ্রযুক্তি আসলে জীববিজ্ঞানকেই নকল করা। কারণ প্রকৃতি বহু দিন ধরেই ন্যানোপ্রযুক্তি ব্যবহার করছে। তিনি জানান, ভবিষ্যতে যাঁরা নোবেল পুরস্কার পেতে চান, ন্যানোপ্রযুক্তি তাঁদের জন্য বিশেষ সম্ভাবনা। কারণ ২০১০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী আন্দ্রে গেইম এবং কনস্টানটিন নোভোসেলভ ন্যানোপ্রযুক্তির গবেষণার জন্যই পুরস্কার পেয়েছেন। তাঁরা দুজন একটি দ্বিমাত্রিক বস্তুর সন্ধান পেয়েছেন—গ্রাফিন শিট; কার্বনের ষড়ভুজাকৃতির একটি বিন্যাস। এর তড়িৎ পরিবাহিতা খুব বেশি, খুব জোরে ইলেকট্রন চলাচল করতে পারে। উচ্চমাত্রার ইলেকট্রনিকসের জন্য যা খুব উপযোগী। এ ছাড়া গ্রাফিন পাউডার ব্যবহার করে তড়িৎ পরিবাহী প্লাস্টিক উদ্ভাবন করা সম্ভব। ন্যানোপ্রযুক্তি আসলে কী? এক মিটারের এক শত কোটি ভাগের এক ভাগ হলো এক ন্যানোমিটার! সহজ করে বললে, চুলের ১০ হাজার ভাগের এক ভাগ এক ন্যানোমিটার। অথবা ১০টি হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে হবে এক ন্যানোমিটার। কাজেই যে প্রযুক্তি অণু-পরমাণু দেখতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, তা-ই ন্যানোপ্রযুক্তি। এখানে দেখার বিষয়টি হলো বিজ্ঞান, আর নিয়ন্ত্রণ হলো প্রকৌশল। মোদ্দা কথা, অণু ও পরমাণুকে ধরে ধরে নিয়ন্ত্রণ করার নামই ন্যানোপ্রযুক্তি। আর এর সীমা হলো এক থেকে ১০০ ন্যানোমিটার। ন্যানোপ্রযুক্তিতে বিজ্ঞান ও প্রযুক্তির অনেক শাখা-প্রশাখা যুক্ত। এই প্রযুক্তির জন্য ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং লাগে, স্বাস্থ্যসেবা লাগে। জীববিজ্ঞান তো লাগেই। অর্থাৎ এ সবকিছুর মিশ্রণই ন্যানোপ্রযুক্তি। ন্যানোপ্রযুক্তি নিয়ে এত মাতামাতির কারণ ইলেকট্রনের তরুঙ্গধর্ম এখানে প্রকাশ পায়। বস্তুর যে কোয়ান্টাম তত্ত্ব, তা খুব স্পষ্ট হয়। ম্যাক্রো জগতে এই গুণগুলো দেখা যায় না। মাইক্রো জগতে গেলে এর সামান্য কিছু দেখা যায়। এ কারণে ন্যানোজগৎ ভারী আশ্চর্যের। বস্তুর অনেক অজানা গুণাগুণ আমরা জানতে পারি। ১৯৫৯ সালে বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান ন্যানোপ্রযুক্তির ধারণা প্রথম প্রকাশ করেন। ন্যানোপ্রযুক্তি ইলেকট্রনিকসের ওপর দারুণ প্রভাব রাখে। পাওয়া যাবে উচ্চগতির ট্রানজিস্টর। পাওয়া যাবে কন্ডাকটিভ প্লাস্টিক, ফটো ডিটেক্টর, ছোট ট্রানজিস্টর, ট্রান্সপারেন্ট ইলেকট্রনিকস এবং ফ্লেক্সিবল ডিসপ্লে। এসব বিষয়ে গবেষণা চলছে। ডায়াগনসিস টুলস, ক্যানসার গবেষণা, কোষ কার্যক্রমেও নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। ড. ফাসীমের ধারণা, সোলার সেল এবং ন্যানো ছাঁকনি তৈরি করা যাবে এই প্রযুক্তি দিয়ে। একটি ন্যানো কিউবের (এক-তিন ন্যানোমিটার) শক্তি ইস্পাতের চেয়ে অনেক বেশি, তামার থেকেও পরিবাহিতা ভালো। ন্যানো মোটর তাই ছোট হলেও ভীষণ শক্তিশালী। এর দ্বারা ন্যানো প্রপেলারও তৈরি করা সম্ভব। এসবই ন্যানো বলবিদ্যার ফসল। শল্যবিদ্যায় আবির্ভূত হবে ন্যানো সার্জন। বিশ্বখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী ফ্যান্টাস্টিক ভয়েজের মতো মানুষের শরীরে ঢুকে ক্ষৃদ্রাতিক্ষুদ্র শল্যচিকিৎসা করে আসবে ন্যানো রোবট। ক্যানসার শনাক্ত করে, প্রয়োজনীয় জায়গায় ওষুধ পৌঁছে দেবে এই রোবট! ক্যানসারআক্রান্ত দুষ্ট কোষকেই কেবল আক্রমণ করবে তা। আগামী ৪০ বছরের মধ্যেই এটি দেখা যাবে বলে বক্তা আশাবাদ ব্যক্ত করেন।প্রকৃতির ন্যানোপ্রযুত্তির প্রমাণ গাছের পাতা। এই পাতাগুলো উৎকৃষ্ট সৌরকোষের উদাহরণ। পাতার এক পৃষ্ঠে থাকে মোমের আবরণ, যা পানিরোধী। আরেক পাশে আছে ক্লোরোপ্লাস্ট। পাতার মতোই আমরা ফ্লেক্সিবল এবং কন্ডাকটিভ প্লাস্টিক উদ্ভাবন করতে পারি, যা হবে উন্নতমানের সৌরকোষ। প্রকৃতির এই বিষয়গুলোই ন্যানোপ্রযুক্তিতে নকল করা হচ্ছে। কতগুলো টিকটিকি দেখা যায়, যেগুলোর পায়ে কোনো আঠা না থাকার পরও দিব্যি কাচের মধ্যে আটকে থাকতে পারে। আসলে ওই প্রাণীগুলোর পায়ে সূক্ষ্ম সূক্ষ্ম শোষক আছে, যা বাতাস ব্যবহার করে এই আটকে থাকার কাজটি করে। এমনটা কৃত্রিমভাবেও করা যাবে। ন্যানো ছাঁকনি দিয়ে খুব উন্নতমানের পানিশোধক তৈরি করা সম্ভব।বাংলাদেশে কি করা সম্ভব? শুরু হতে পারে উন্নতমানের সার দিয়ে। পরিবেশবান্ধব কীটনাশকও উদ্ভাবন করা সম্ভব এই প্রযুক্তি দিয়ে।বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছেই। পাশের দেশ ভারত ২০০৭ সালে মিশন অব ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির গোড়াপত্তন করেছে। গত পাঁচ বছরে ২০টি গবেষণাগার তৈরি করেছে।সে তুলনায় আমাদের দেশে তেমন কোনো উদ্যোগ নেই। প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালায় বেশ কয়েকবার ন্যানোপ্রযুক্তির কথা উঠে এসেছে। এটিই একমাত্র আশার কথা। ড. ফারসীম মনে করেন, দেশে ন্যানো প্রযুক্তির বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার সরকারি সহযোগিতা। এ সহযোগিতায় কোনো বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ন্যানোপ্রযুক্তি গবেষণাগার গড়ে তোলা যেতে পারে। সে উৎকর্ষকেন্দ্রকে কেন্দ্র করে জনবল, উপকরণ এবং দিনবদলের সত্যিকারের গবেষণা গড়ে তোলা যাবে। সহসা যদি এমনটি না হয়, তবে হয়তো অন্যান্য বিষয়ের মতো ন্যানোপ্রযুক্তির ট্রেনও আমরা ধরতে পারব না। জীবতথ্যপ্রযুক্তি: টেকসই পরিবর্তন‘আমি মাত্র ১৭ বছর বয়সে দেশের বাইরে চলে যাই। কিন্তু জানতাম, দেশে ফিরতেই হবে। আমি যে সুযোগ-সুবিধা পেয়েছি, চেয়েছিলাম আমার দেশের জন্য তা কাজে লাগাব। তাই সুযোগ পেয়েই দেশের কাজে যুক্ত হয়েছি। পাটের জিন-নকশা উন্মোচন করতে গিয়ে দেখেছি, আমাদের দেশের তরুণেরা অসাধারণ মেধাবী। এমনটি যে দেখব তা আমি নিশ্চিতভাবেই জানতাম। বিজ্ঞানী জহুরুল হক এবং আবদুল্লাহ আল মুতী যেসব অগ্রসর চিন্তা করেছেন, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আমরা টেকসই পরিবর্তন করতে পারব।’ এভাবে তাঁর বক্তব্য শুরু করেন জিনবিজ্ঞানী ও জীবতথ্য প্রযুক্তিবিদ ড. মাকসুদুল আলম। মূল বক্তব্যের ফাঁকে ফাঁকে তিনি পাটের জিন-নকশা উন্মোচনের কিছু বিষয় তুলে ধরেন। জীবতথ্যপ্রযুক্তি বা বায়োইনফরমেটিকস হলো কম্পিউটারের মাধ্যমে জীববিজ্ঞানের তথ্য জানা, বোঝা এবং সেটি কাজে লাগানো। আর এর মূলে হলো অণুজীববিজ্ঞান, কম্বিনেশন বায়োলজি ও ইন্টারনেট কম্পিউটিং।ড. মাকুসুদুল জানান, বাড়ি তৈরির মূল উপাদান এক থাকলেও তা দিয়ে আমরা বিভিন্ন আকারের বাড়ি বানাতে পারি। প্রকৃতি বা জীববিজ্ঞানেও একই ব্যাপার। আমরা যদি ডিএনএ ডিকোড করতে পারি, তা হলে আমরা প্রোটিন তৈরি কতে পারব। ফলে আমাদের আর খাদ্য নিয়ে চিন্তা করতে হবে না। আর এসব করতে হলে চাই মৌলিক জ্ঞান। আজ যদি আমাদের মৌলিক জ্ঞান বেশি থাকত, তাহলে হয়তো আমরা অনেক অগ্রসর হতে পারতাম।জীবতথ্যপ্রযুক্তির জন্য দরকার গণিত, পদার্থবিদ্যা এবং কম্পিউটার ও চিকিৎসাবিজ্ঞান। তিনি জানান, মানুষের শরীরের ভেতরে যে প্রোটিনগুলো কাজ করে, সেগুলো সব ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক প্রোটিনগুলো সম্পর্কে জানতে পারলেই অনেক রহস্য আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আর এই অসাধ্য সাধন সম্ভব জীবতথ্যপ্রযুক্তি দিয়ে।বিশ্বের অনেক দেশই আজ এ প্রযুক্তি ব্যবহার করছে। প্রতিবেশী ভারতের ৬০ শতাংশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানই এখন এই প্রযুক্তিনির্ভর। এ প্রযুক্তি কীভাবে চিকিৎসায় পরিবর্তন আনবে তা বলতে গিয়ে এ বিজ্ঞানী ডায়াবেটিসের কথা বলেন। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কমপক্ষে তিন প্রকার ওষুধ খেয়ে থাকেন। কিন্তু হয়তো দরকার ছিল মাত্র একটি ওষুধ। ফলে আরও কিছু রোগ তাঁদের শরীরে বাসা বাঁধে (সাইড অ্যাফেক্ট)। কিন্তু নতুন এই প্রযুক্তিতে রোগ বুঝে মোক্ষম দাওয়াই দেওয়া সম্ভব।আমাদের দেশে এ প্রযুক্তির সম্ভাবনার কথা বলতে গিয়ে ড. আলম বলেন, এর জন্য প্রথমেই দরকার দক্ষ জনবল। তিনি জানান, আমাদের তা যথেষ্ট পরিমাণেই আছে। পাটের জিন-নকশা উন্মোচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমাদের দেশের তরুণেরা অষাধারণ মেধাবী। তাঁদের কাজের আগ্রহ এবং দক্ষতা চোখে পড়ার মতো। অন্যান্য দেশের তরুণদের তুলনায় তাঁরা দ্রততার সঙ্গে নতুন প্রযুক্তি ও কৌশল আয়ত্ত করতে পারেন।তিনি বলেন, আমাদের দরকার স্থানীয় উপাত্তকেন্দ্র, উদ্যমী গবেষক এবং তাদের জন্য কাজের সুযোগ। পাশাপাশি দরকার মৌলিক পড়াশোনার। ড. মাকসুদুুল তাঁর পেঁপের জিন-নকশা উন্মোচনের অভিজ্ঞতা থেকে মাঠের কৃষির সঙ্গে বিজ্ঞানীদের সমন্বয়ের ওপর জোর দেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে। প্রয়োজনীয় তহবিলের বিষয়ে তিনি সরকারের সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি মনে করেন, ‘ভালো করে বুঝিয়ে বললে কাজটা সহজ হয়।’ আর যত তথ্য উন্মোচিত হবে তাতে যেন থাকে সবার প্রাপ্যতা। পাটের জিন-নকশা উন্মোচনে দেশের বিজ্ঞানীদের গুরুত্ব ও অবদান তুলে ধরে তিনি জানান, ‘এ প্রকল্পের বড় সাফল্য হলো এটি আমরা, বাঙালিরাই করেছি। এখন আমাদের পাট গবেষণায় অগ্রগামী পর্যায়ের গবেষকই আছেন প্রায় আট-নয়জন।’জীবতথ্যপ্রযুক্তি দিয়ে যখন মানুষ প্রোটিনের যোগাযোগ কিংবা ভাষা বুঝতে পারবে তখন প্রোটিনের আচরণ ভালোভাবে ব্যাখ্যা করে ক্যানসারের মতো রোগ সারিয়ে তুলতে পারবে। বাংলাদেশে জীবতথ্যপ্রযুক্তির মূল হাতিয়ার, জনবল রয়েছে। বাকিঅনুষঙ্গগুলো ঠিক করতে পারলে বাংলাদেশও এই খাতে সমৃদ্ধি বয়ে আনতে পারবে। মূল বক্তৃতার শেষে স্মারক বক্তাদ্বয় উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অন্যান্য বক্তাও দেশে ন্যানো ও জীবতথ্যপ্রযুক্তির সম্ভাবনার বিকাশ ঘটানোর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের প্রতিও আহ্বান জানান। মাহফুজ রহমান