আগামী নির্বাচন অনিশ্চিত বলেই রাজনৈতিক অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ের কথা বলে বর্তমান সরকার সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। এর পর থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও বিএনপির আন্দোলন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তুলে ধরা হলো ওই কথোপকথনের উল্লেখযোগ্য অংশ। প্রথম আলো: আপনারা দীর্ঘদিন ধরে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী লন্ডনে এক সাক্ষাত্কারে নির্বাচনকালীন সরকারব্যবস্থার কথা বলেছেন। বলেছেন, বিএনপি চাইলে সেখানে অংশ নিতে পারে। এ বিষয়ে বিএনপির অবস্থান কী?খন্দকার মোশাররফ: শেখ হাসিনা লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে একটি কথা বলেছেন। উনি সকালে একটা কথা বলেন, বিকেলে আরেকটা। তিনি বলেছেন, পদ্মা সেতুর ব্যাপারে বিশ্বব্যাংকের কোনো সাহায্য চাইবেন না; অন্যদিকে অর্থমন্ত্রী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করলেন। ওনারা যে কী বলেন, সেটা আমরা বুঝতে পারি না। উনি আনুষ্ঠানিকভাবে কী প্রস্তাব দেন, আমরা দেখি। তবে এই প্রস্তাবের মধ্যে যে ইঙ্গিত উনি দিয়েছেন, তা হচ্ছে নির্বাচনের সময় একটি অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেখানে মন্ত্রিসভা থাকবে। কিন্তু সেই সরকারের প্রধান কে হবেন তা তিনি বলেননি। বলেছেন, ইচ্ছা করলে বিএনপি থাকতে পারে। এটা আবার বিএনপিকে সংসদে গিয়ে প্রস্তাব দিতে হবে। অর্থাত্, প্রধানমন্ত্রী এই প্রস্তাব দিচ্ছেন না। আমাদের পরামর্শ দিচ্ছেন। আমাদের অবস্থান এ ব্যাপারে পরিষ্কার। নির্দলীয় নিরপেক্ষ সরকার—সেটা যে নামেই হোক; অন্তর্বর্তীকালীন সরকারও হতে পারে। এ ব্যাপারে যদি সরকার রাজি হয়, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে রূপরেখা ও গঠনপ্রণালি ঠিক করতে বিএনপি রাজি। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে প্রস্তাব দিয়েছেন, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এটা প্রত্যাখ্যান করছি। প্রধানমন্ত্রীর বিবিসির সাক্ষাত্কারের কথা মূল্যহীন।প্রথম আলো: নির্দলীয় সরকারই কেন হতে হবে?খ. মোশাররফ: আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমাদের দলের একটি স্পষ্ট অবস্থান আছে। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হয়, তাহলে বর্তমান প্রেক্ষাপটে যে প্রতিহিংসার রাজনীতি চলছে সে অবস্থায় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার অভাব ১৯৯৬ সালে যেমন ছিল, তেমনি এখনো আছে। এখন বরং সেটি আরও প্রকট হয়েছে। এই অনাস্থার কারণে ’৯৬-এ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এসেছিল। এখনো অনাস্থা-অবিশ্বাস বিদ্যমান এবং তা প্রকট আকার ধারণ করেছে। সে ক্ষেত্রে আগামী নির্বাচন যদি নির্দলীয় সরকারের অধীনে না হয়, তাহলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই হতে হবে। সেটার নাম যা-ই হোক।তত্ত্বাবধায়ক সরকার এখন জনগণের দাবি। তা ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যেসব বিশিষ্ট ব্যক্তি আমাদের দেশে সফর করেছেন, তাঁরা সবাই বলেছেন, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হতে হবে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তা হতে হবে। এটা ছাড়া সম্ভব নয়। এখন এটিই দেশের সবচেয়ে বড় সংকট। আগামী নির্বাচন অনিশ্চিত। আগামী নির্বাচন অনিশ্চিত বলেই রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ অস্থিরতা আরও বাড়বে। সরকার যদি একগুঁয়েমি করতে থাকে, তাহলে এ অস্থিরতা সংঘাতে রূপান্তরিত হতে পারে। আমি মনে করি, বিশ্বব্যাংকের সঙ্গে যেমন সরকার গোঁয়ার্তুমি করে লেজে গোবরে অবস্থা করেছে, একইভাবে প্রধানমন্ত্রী এই বিষয়ে তাঁদের অবস্থানে একগুঁয়েমি করতে গিয়ে আগামী নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছেন। প্রথম আলো: বিএনপিকে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব দেওয়ার কথা বলেছেন সরকারের অনেক মন্ত্রী। বিএনপি তা করছে না কেন?খ. মোশাররফ: এটা হচ্ছে সরকারের একটা কূটকৌশল। আমাদের সংসদ সদস্যের সংখ্যা এখন ৩৪। আমরা যদি সংসদে গিয়ে প্রস্তাব উত্থাপন করি, এই সদস্যসংখ্যা দিয়ে এই বিল পাস করা যায় না। এটার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার। সরকার যদি সংসদে এ বিল উত্থাপনের পর ফেল করিয়ে দেয়, তাহলে আর আমাদের এই দাবি উত্থাপনের রাজনৈতিক শক্তি থাকবে না। কারণ, তখন বলা হবে সংসদে এই প্রস্তাব বাতিল হয়ে গেছে। প্রথম আলো: আপনারা এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আপনাদের দলের চেয়ারপারসন একটি সময়সীমাও বেঁধে দিয়েছিলেন। কিন্তু দাবি পূরণ হয়নি। আপনারা কি মনে করেন সময় বেঁধে দেওয়াটা কৌশলগত ভুল ছিল?খ. মোশাররফ: না না, এটা কোনো ভুল ছিল না। আমরা ভবিষ্যতে যে আন্দোলন করব, তখন মানুষ বলত যে আমরা সরকারকে সময় দিইনি। আমরা সরকারকে সময় দিয়ে, সুযোগ দিয়ে আমাদের দায়িত্ব পালন করলাম। জনগণের কাছে আমরা পরিষ্কার। সরকারের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। তা না দেখে সরকার যদি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারত, তাহলে বুঝতাম আমাদের আহ্বানে সাড়া না দিয়ে সমস্যা সমাধান হয়ে গেছে। তা হয়নি। আহ্বানে সাড়া না দিয়ে রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি করেছে সরকার। অতএব, আগামী দিনে আন্দোলন-সংগ্রামে রাজনৈতিক অস্থিরতা যদি আরও বাড়ে, তাহলে যে ক্ষয়ক্ষতি হবে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। পদ্মা সেতুর ব্যাপারে একগুঁয়েমি করে সরকার ফলাফল দেখেছে। আমি নিশ্চিত করে বলতে পারি, সরকার এ ব্যাপারেও একগুঁয়েমি করলে এটা দেশের জন্য বা আওয়ামী লীগের জন্য ভালো হবে না। প্রথম আলো: ঈদের পর আপনারা লাগাতার আন্দোলনে যাওয়ার কথা বলছেন। সে আন্দোলন কেমন হবে?খ. মোশাররফ: এ দেশে আন্দোলন কীভাবে হয়, আমরা জানি। পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন থেকে শুরু করে হরতাল, অবরোধ—সবই আছে। এর মধ্যে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যখন যেটি প্রয়োজন, সেটিই আমরা গ্রহণ করব। এত আগে সেটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। প্রথম আলো: ওয়ান-ইলেভেনের একটা অভিজ্ঞতা আমাদের রাজনীতিতে আছে। বর্তমান পরিস্থিতিতে অনেকে আবারও সে ধরনের কিছু হতে পারে—এমন আশঙ্কা করছেন। আপনারা কী মনে করেন?খ. মোশাররফ: এ ধরনের কোনো আশঙ্কা আমাদের নেই। আমরা সবই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান চাইছি। সেখানে আমরা চাই না ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি আবার হোক। তবে এক হাতে তো তালি বাজে না। আমরা চাইছি না। আওয়ামী লীগ যদি সাড়া না দেয়! আমরা সময় দিয়েছিলাম এ জন্য, যাতে অন্য কেউ সুযোগ নিতে না পারে। আওয়ামী লীগ বা সরকারেরই বেশি দায়িত্ব। তারা যদি তা উপলব্ধি না করে বা ভেতরে ভেতরে তাদের সে ধরনের কোনো ষড়যন্ত্র থাকে, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। রাজনীতির বাইরের কেউ এসে রাজনীতি নিয়ন্ত্রণ করুক, আমরা তা চাই না। সে জন্য গণতান্ত্রিকভাবেই আমরা আন্দোলন করছি।