আগামী নির্বাচন আ.লীগ সরকারের অধীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনে পাঁচ হাজারের মতো এলাকায় নির্বাচন হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। এমন অবাধ নির্বাচন আগে হয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে।’নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশনের কাজে কেউ হস্তক্ষেপ করবে না। প্রশাসন তখন নির্বাচন কমিশনের অধীনে থাকবে। প্রধানমন্ত্রীর দাবি, ‘আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিয়েছি। অতীতের কোনো সরকার তা করতে পারেনি।’সরকার বিএনপির নেতা-কর্মীদের অত্যাচার-নিপীড়ন করছে বলে যে অভিযোগ উঠেছে, এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতা-কর্মী, সশস্ত্র বাহিনীর শত শত সদস্যকে হত্যা করেছিলেন। ২০০১ সালে নির্বাচনের পর বিএনপি অত্যাচার করেছে। তারা অপারেশন ক্লিনহার্ট করেছে, র‌্যাবের ক্রসফায়ারে মানুষ মেরেছে।প্রধানমন্ত্রী বলেন, বাসে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারলে এর বিচার করা যাবে না? বিচার করতে গেলে বলেন মানবাধিকার লঙ্ঘন। যে চালক মারা গেলেন, তাঁর মানবাধিকার নেই?প্রধানমন্ত্রী বিএনপির নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এসব করার জন্য কারা হুকুম দিয়েছেন, কে কী করেছেন সব রেকর্ড আছে। প্রযুক্তি অনেক এগিয়ে গেছে।’শেখ হাসিনা বলেন, সংবিধান লঙ্ঘন করে কেউ যেন ক্ষমতা দখল করতে না পারে, সে ব্যবস্থা করা হয়েছে। কেউ করলে জনগণ শাস্তি দেবে। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।