আগামী নির্বাচন কার অধীনে, সরকারের ভেতর নানা চিন্তা
সুপ্রিম কোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আর নেই। তবে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। তাই এ নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নানা রকম কথাবার্তা চলছে।সরকারের নীতিনির্ধারকেরা মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ব্যবস্থার প্রয়োজন আছে। কারও কারও আবার ভিন্ন মতও আছে। এ ক্ষেত্রে বিচার বিভাগকে বাইরে রেখে প্রধান উপদেষ্টা নির্বাচনের উপায় নিয়েও সরকারের মধ্যে আলোচনা হচ্ছে। তবে যা-ই করা হোক, বিরোধী দলকে সঙ্গে নিয়েই তা করতে চায় সরকার।পরিচয় প্রকাশে অনিচ্ছুক সরকারের নীতিনির্ধারণী একটি অংশ মনে করে, আদালতের পর্যবেক্ষণ মানা বাধ্যতামূলক নয়। তাই আগামী নির্বাচনের সময় কোন ধরনের সরকার থাকবে, তা এখন সরকারি মহলে ভাবনাচিন্তা হচ্ছে। কথা বলে জানা যায়, পরবর্তী দুটি নির্বাচনের জন্য অরাজনৈতিক বা তদারকি সরকার থাকবে কি না, তা নিয়ে সরকারের শীর্ষপর্যায়ে দুই মত আছে। অনেকেই মনে করেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আরও অন্তত এক-দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার দরকার আছে।নীতিনির্ধারকদের মতে, আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় সংবিধানে নতুন করে সংশোধনী আনতে হবে। এটা করতে হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার প্রয়োজন রয়েছে। এই গুরুত্বপূর্ণ সংশোধনী সরকার এককভাবে করতে চায় না। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদে কারা থাকবেন, তা সুনির্দিষ্ট করতে হলে আলোচনার প্রয়োজন আছে।জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ হয়ে গেছে। এখন এই অবৈধ জিনিস রাখতে হলে সরকার ও বিরোধী দলের মতৈক্য দরকার। তাঁর মতে, বিএনপির এখন যে রাজনৈতিক অবস্থান, তা অব্যাহত রাখলে সরকার এককভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করবে না। অর্থাৎ বিএনপিকে কমিটির সঙ্গে আলোচনায় বসতে হবে, সংসদে যোগ দিতে হবে।নীতিনির্ধারকেরা মনে করেন, সরকারি দল এককভাবে যা কিছুই করতে চাইবে, বিএনপি এর বিরোধিতা করবে, আন্দোলনের ইস্যু খুঁজে রাজপথ গরম করতে চাইবে। সরকারের মেয়াদের অর্ধেক সময়ের মধ্যেই বিরোধী দলকে অহেতুক আন্দোলনের সুযোগ করে দিতে সম্মত নয় সরকারি দল।বিশেষ করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে সরকার যে পন্থাই অবলম্বন করুক না কেন, বিএনপি তা মানবে না বলেই সরকারের ধারণা। তাই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের ব্যাপারে রাজনৈতিক মতৈক্যকেই গুরুত্ব দিচ্ছেন সরকারের নীতিনির্ধারকেরা। এ কারণে সংশোধনীতে এককভাবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কাউকে নির্দিষ্ট করে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ ঠিক করার কথা বলা হতে পারে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরকারের মেয়াদ শেষে আলোচনা করে প্রধান উপদেষ্টা নির্বাচন করা খুব কঠিন হবে না। নির্বাচনের স্বার্থেই সরকার ও বিরোধী দলের মধ্যে তখন মতৈক্য প্রতিষ্ঠা হবে।সূত্র জানায়, বিচার বিভাগকে বাইরে রেখে প্রধান উপদেষ্টা নির্বাচনের উপায় নিয়েও সরকারের মধ্যে আলোচনা হচ্ছে। প্রধান বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করায় বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তাঁরা। তা ছাড়া উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারে বিচার বিভাগকে না জড়ানোর জন্যও অভিমত দেওয়া হয়েছে।জানতে চাইলে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাস্তবতা সামনে রেখেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে আমরা চাই, বিরোধী দল সংসদে আসুক, কমিটির সঙ্গে আলোচনায় বসুক।’সূত্রমতে, সরকারের অপর একটি অংশ আদালতের রায় অনুযায়ী রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার পক্ষে। তাঁদের যুক্তি হলো, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের পরিপন্থী বলে রায় দিয়েছেন আদালত। সুতরাং পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে সংবিধানে সংশোধনী আনতে হবে।সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত অবশ্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখা না রাখার ব্যাপারে স্পষ্ট কিছু বলতে চাননি। শুধু বলেছেন, তিনি আদালতের রায় অনুসরণ করবেন।