সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে তা যেমন গ্রহণযোগ্য হবে; তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য তা সহায়ক হবে। বাংলাদেশে সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আজ সোমবার সকালে হোটেল সোনারগাঁওয়ে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দুজনের আলোচনায় ভারতের রাষ্ট্রপতি এ কথা বলেছেন বলে পরে এরশাদ সাংবাদিকদের জানান।সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। তবে দেশের আগামী নির্বাচন কীভাবে হবে, সেটি বাংলাদেশকেই ঠিক করতে হবে বলে প্রণব মুখার্জি মন্তব্য করেছেন।গত কয়েক দিনের সহিংসতার ব্যাপারে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে কোনো কথা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘এটি আসলে আমাদের বিষয়। এটি নিয়ে তিনি কোনো কথা বলেননি।’ তবে ভারতের রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেছেন, ‘এমন এক সময় বাংলাদেশে আসলাম যখন সহিংসতা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এতে ভালো লাগছে না।’এরশাদ জানান, তিস্তা চুক্তি ও দুই দেশের সীমান্ত-সমস্যা সমাধান হয়ে যাবে বলে ভারতের রাষ্ট্রপতি তাঁকে আশ্বস্ত করেছেন।এরপর ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী সাক্ষাত্ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গওহর রিজভী ও মসিউর রহমানও ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করেন।ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল রোববার তাঁর প্রথম বিদেশ সফরে ঢাকায় আসেন। তিন দিনের সফরের দ্বিতীয় দিনে আজ প্রণব মুখার্জি সম্মানসূচক ডক্টর অব ল ডিগ্রি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ডিগ্রি গ্রহণের পর তিনি সমাবর্তন বক্তৃতা করবেন।আজ জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। সন্ধ্যায় প্রণব মুখার্জি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এরপর একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে প্রণব মুখার্জি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হাত থেকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ গ্রহণ করবেন। সবশেষে বঙ্গভবনে তাঁর সম্মানে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন প্রণব মুখার্জি।