আগামী নির্বাচন মহাজোটের সঙ্গে নয়: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে এরই মধ্যেই ঘোষণা দিয়েছি, মহাজোটে থাকব না। আগামী নির্বাচন মহাজোটের সঙ্গে নয়; জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। ২০ বছর আগে আমি আপনাদের পাশে ছিলাম, আবারও আমি আপনাদের কাছে এসেছি। আর একবারের জন্য ক্ষমতায় আসার সুযোগ দিতে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি। আর একবার জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিন।’আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে কালাই উপজেলা সদরের বটতলা চত্বরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, ‘গত ২০ বছরে আপনারা কি পেয়েছেন, তা আর বলতে চাই না। আমি ক্ষমতায় ছিলাম না; আওয়ামী লীগ, বিএনপি দেশবাসীকে কী দিয়েছে? সেই দুঃখের কাহিনি আর নতুন করে বলতেও চাই না। এখন আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, সুযোগের অপেক্ষায় রয়েছি। যদি আমি আপনাদের জন্য ভালো কাজ করে থাকি, তবে আমার অনুরোধ আর একবার আমাকে সুযোগ দিন। আমি আপনাদের জন্য শেষ জীবনে কিছু করে যেতে চাই।’কালাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল কবিরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব সাংসদ এ বি এম রুহুল আমীন হাওলাদার, দলের সহসভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, কেন্দ্রীয় ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক কাজী আবুল কাশেম, বগুড়া জেলা ছাত্রসমাজের সভাপতি আবদুস সালাম প্রমুখ।রুহুল আমীন হাওলাদার বলেন, ‘গত ২০ বছরে বিএনপি ও আওয়ামী লীগ দেশকে কিছুই দিতে পারেনি। সময় এসেছে জাতীয় পার্টিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেওয়ার।’