আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত এ মন্ত্রী।চার দিন বিরতির পর আজ বেলা দুইটা ১০ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।নেত্রকোনার সাংসদ মোশতাক আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি যথাসময়ে বিবেচনা করা হবে।সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে এরই মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে ইভিএম প্রদর্শন এবং এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।‘নিকট ভবিষ্যতে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরীক্ষামূলকভাবে কিছু ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার বিষয়টি ইসির বিবেচনাধীন রয়েছে’ বলে জানান তথ্যমন্ত্রী।গত ৭ জুন থেকে ৭ আগস্ট পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৩১টি দলের মতামত নেয় ইসি। প্রধান বিরোধী দল বিএনপিসহ সাতটি দল এতে অংশ নেয়নি। প্রধান বিরোধী দল বিএনপি ইভিএম ব্যবহারের বিষয়ে বিরোধিতা করে আসছে।