আগামী নির্বাচনে কোনো দলই ১৫০ আসন পাবে না
আগামীবার কোনো দলই ১৫০ আসন পাবে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। বিরোধী দলের ১০০ আসন পাওয়া দুরূহ হবে বলে মন্তব্য করেন তিনি। আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে এরশাদ এ দাবি করেন। জাপায় নবাগত দিলারা খন্দকারের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় আইনজীবী ফেডারেশন।এরশাদ আরও দাবি করেন, ‘আমরা আর এখন তৃতীয় শক্তি নই। উই আর ফার্স্ট পার্টি ফর গভর্নমেন্ট ফর্ম। ক্ষমতায় থাকা যদি মানদণ্ড হয়, তাহলেও জাতীয় পার্টি প্রথম শক্তি। আমরা ক্ষমতায় ছিলাম নয় বছর। কেউ আর জাতীয় পার্টিকে তৃতীয় শক্তি বলবেন না।’ তিনি বলেন, আগামী নির্বাচনে প্রার্থী হতে ২০০ আসনে তাঁর দলের প্রার্থী প্রস্তুত রয়েছেন। বাকি ১০০ আসনে যোগ্য প্রার্থীর সন্ধানে আছেন তিনি।এরশাদ বলেন, ‘দুই দল ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত। এক দল বলছে, তত্ত্বাবধায়ক হতে হবে। অন্য দল বলছে, তত্ত্বাবধায়ক সম্ভব নয়। তারা কেউই জনগণের সমস্যার কথা বলছে না।’ তিনি বলেন, ‘দেশের মানুষ আজ ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। হলমার্ক কেলেঙ্কারি, পদ্মা সেতু দুর্নীতিসহ একের পর এক কেলেঙ্কারি ফাঁস হচ্ছে।’শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ, এ বি এম তাজুল ইসলাম চৌধুরী, সুনীল শুভ রায়, সংবর্ধিত দিলারা খন্দকার প্রমুখ।