আগামী প্রজন্ম-উপযোগী খতিয়ান চাই
আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে। ওই জরিপের পর ওই সময়ের খতিয়ানগুলো লিপিবদ্ধ করা হয়েছে, খাজনা আদায়ের সুবিধার্থে খতিয়ানের সৃষ্টি হয়েছে। খতিয়ানলিপি হয় দখল ও মালিকানার ভিত্তিতে। খতিয়ানে বিভিন্ন বিষয়ে তথ্য সন্নিবেশিত থাকে। আইনের দৃষ্টিকোণ থেকে বলা হয়, খতিয়ানের লিপি দ্বারা কারও স্বত্ব সৃষ্টি হয় না, কারও স্বত্ব নষ্টও হয় না। তবে ব্যক্তির নিজ নামে খতিয়ানলিপি না থাকলে অনেক রকম সমস্যায় পড়তে হয়। যেমন, ভবন নির্মাণের নকশা পেতে এবং বিক্রয় কবলা রেজিস্ট্রি করতে সংশ্লিষ্ট ব্যক্তির নামে বিএস খতিয়ানলিপি থাকা আবশ্যক হয়। এ পর্যন্ত আমাদের দেশে ১৮৩৮ সালে মঘী জরিপ, ১৮৯২ সালে সিএস জরিপ, ১৯২৫-৩০ সালে আরএস জরিপ, ১৯৫৬-৬২ সালে পিএস জরিপ, ১৯৭০-৯০ সালে বিএস জরিপ অনুষ্ঠিত হয়। বর্তমানে সিএস, আরএসপিএস ও বিএস খতিয়ান প্রচলিত আছে। তবে এসব খতিয়ানের সহিমোহরি নকল-সংশ্লিষ্ট রেকর্ডরুম থেকে পেতে অনেক বেশি সময় ও অর্থের শ্রাদ্ধ হয়।খতিয়ানে কিছু জটিল শব্দ ব্যবহূত হতে দেখা যায়, যেমন—আং, জং, পিং, দোং, গং, তেরিজ, ক্ষেয়াত, এদমাম, পর্চা, লাখেরাজ, মোকরব্বি, রায়ত, কোর্ফা, ধান্যা করার, আপস বেস্তিত, জবরদখল, পওনি, ছে পত্তনি, মালগুজারি ভূমি—এ রকম আরও অনেক কঠিন সব শব্দ পরিলক্ষিত হয়।এ ছাড়া খতিয়ানে উল্লিখিত জমির পরিমাণের চিহ্নগুলো এবং এর বিবরণ মোটেই সহজ নয়। যেমন—আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি, তিল, দন্তের হিসাবগুলো প্রকাশে খতিয়ানে প্রায়ই ভুল পরিলক্ষিত হয়। দেওয়ানি আদালতে বিচারাধীন অধিকাংশ মামলাই খতিয়ান সংশোধনের জন্য। খতিয়ানসংক্রান্ত স্বত্বের প্রশ্নে দেওয়ানি আদালতের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণে অনেক বিচারপ্রার্থীর মামলার ফলাফল দেখে যাওয়ার সুযোগ হয় না।খতিয়ানবিষয়ক যেসব জটিলতা পরিলক্ষিত হয়, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে—১. খতিয়ানলিপির সময় উপস্থিত শরিকদারেরা অন্য শরিকদের বঞ্চিত করার উদ্দেশ্যে নাম বাদ দিয়ে দেয়। ফলে সব শরিকের নামে শুদ্ধভাবে খতিয়ানলিপি হয় না। বিশেষ করে ফুপু, বোন ও মায়েদের বেশি বঞ্চিত করা হয়।২. খতিয়ানলিপি করতে পারিবারিক রেজিস্টার্ড অংশনামা এবং ওয়ারিশান সনদ প্রয়োজন না হওয়ায় লোভী ব্যক্তিরা অন্য সদস্যদের বঞ্চিত করার যাবতীয় সুযোগ কাজে লাগায়।৩. আইনানুগভাবে মালিক নয়—এমন ব্যক্তির নামেও খতিয়ানলিপি আছে।৪. খতিয়ানে খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, হিস্যাংশ, সব মালিকের নাম-ঠিকানা ও মন্তব্য কলামলিপিতে ভুল হয়।৫. কোনটি কী খতিয়ান, তা খতিয়ানে লিপিবদ্ধ থাকে না, ফলে অনেকের পক্ষে খতিয়ান চিনতে কষ্ট হয়। খতিয়ানের ওপরে কোনটি কী খতিয়ান, তা লিপিবদ্ধ করে দেওয়া উচিত।৬. খতিয়ানে কখনো দুই শতকে, কখনো ২০ শতকে, কখনো ২০০ শতকে গণ্ডা প্রকাশ করা হয়। খতিয়ানে জমির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে অনুমানের ওপর ভিত্তি করে লেখা হয়, যা সিটের পরিমাণ ও বাস্তব পরিমাপের সঙ্গে মেলে না। শতকের মাধ্যমে সম্পত্তির পরিমাণ প্রকাশ করার চেয়ে বর্গফুটের মাধ্যমে সম্পত্তির পরিমাণ প্রকাশ করলে তা হবে অনেক বেশি বিজ্ঞানভিত্তিক ও সহজ। এ ছাড়া হিস্যাংশ প্রকাশ করতে আনা, গণ্ডা, কড়া, ক্রান্তি, তিলের মাধ্যমে প্রকাশ না করে শতকরা হারে হিস্যাংশ প্রকাশ করলে সংশ্লিষ্ট সবার বুঝতে অনেক বেশি সুবিধা হয়। সারা দেশের খতিয়ানের নাম, খতিয়ানের হিস্যাংশ, খতিয়ানের পরিমাণ একই পদ্ধতিতে সহজভাবে প্রকাশিত হবে—এটা আজ সময়ের দাবি। কিছু কিছু খতিয়ানের মন্তব্য কলামে জবরদখল দেখা যায়। আইন করে দ্রুত জবরদখলকারীর আইনি স্বীকৃতি রহিত করা প্রয়োজন। জবরদখলকারীকে আইনের আশ্রয় দেওয়ার অর্থ পেশিশক্তিকে সুযোগ করে দেওয়া। আমরা চাই, বৈধ মালিকের স্বত্ব কোনো বেআইনি, জবরদস্তি-প্রক্রিয়ায় রহিত হতে পারবে না।অন্যদিকে অনুমতি সূত্রে দখলকার ব্যক্তিও সুযোগমতো নানা রকম জাল দলিল সৃষ্টি করে মূল মালিককে আঘাত করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। বর্তমান সময়ে জনগণের প্রত্যাশা হলো, সহজে খতিয়ানলিপি করা যাবে, খতিয়ান দেখলেই খতিয়ান চেনা যাবে, খতিয়ানের মাধ্যমে স্বত্ববান প্রত্যেক ব্যক্তি খাজনা পরিশোধ করতে পারবে। দেওয়ানি আদালতগুলোতে বিএস খতিয়ান সংশোধনের জন্য বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক ঘোষণার মামলা বিচারাধীন। আদালতের রায়ের পর পুনরায় সহকারী কমিশনার (ভূমি) বরাবর খতিয়ান সংশোধনের জন্য আবেদন করতে হয়। দেওয়ানি আদালতের রায় ডিক্রি পাওয়ার পরও অনেকে রায়ের নানা রকম অসংগতির জন্য খতিয়ান সংশোধন করতে পারছে না। বিএস খতিয়ান সংশোধনের জন্য ২০০৪ সালের ১০ মার্চ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনের জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করলেও শুধু ঢাকায় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। দ্রুত দেশব্যাপী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে বিএস খতিয়ান সংশোধনের জন্য পদক্ষেপ নেওয়া উচিত।লেখক: আইনজীবী, চট্টগ্রাম জেলা বার।