প্রকৃতিও যেন কাঁদছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণে। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমী তাঁর স্মরণে শোকসভার আয়োজন করেছিল তাদের রবীন্দ্রচত্বরে। বেলা তিনটায় সভা শুরুর পরপরই শুরু হলো বৃষ্টি। অগত্যা সভাস্থল বদলে একাডেমীর সেমিনার-কক্ষে শুরু হলো সভার কাজ। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর নিউইয়র্কেও বৃষ্টি হয়েছিল। আবার ঢাকায় সোমবার তাঁর দ্বিতীয় জানাজার দিনেও বৃষ্টি হয়েছে, মঙ্গলবার তৃতীয় জানাজা এবং মরদেহ সমাধিস্থ করার সময়ও হয়েছিল তুমুল বৃষ্টি। একাডেমীর সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে শোকসভার শুরুতেই হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।সূচনা বক্তব্যে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘বাংলা একাডেমীর পক্ষ থেকে শিগগিরই উত্তরাধিকার পত্রিকার হুমায়ূন আহমেদ সংখ্যা প্রকাশ করা হবে। এ ছাড়া আগামী তিন মাসে হুমায়ূন আহমেদের নির্বাচিত দশটি উপন্যাস নিয়ে ধারাবাহিক লিখিত আলোচনার ব্যবস্থা করা হবে। পরে এই আলোচনাগুলোর সংকলন হিসেবে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হবে।’তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, ‘হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে বহুমাত্রিক অবদান রেখেছেন। তাঁর সৃষ্টি দেশকালের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক মাত্রা অর্জন করেছে। এমন স্বাপ্নিক লেখকের মৃত্যু নেই। প্রজন্মের পর প্রজন্ম পাঠকের ভালোবাসার মাঝে তিনি বেঁচে থাকবেন।’হুমায়ূন আহমেদকে নিছক জনপ্রিয়তার দৃশ্যগ্রাহ্য মানদণ্ডে বিচার করলে ভুল হবে বলে মন্তব্য করেন লেখক সৈয়দ শামসুল হক। তাঁর কথাসাহিত্যিক সৃষ্টিকুশলতা উত্তর প্রজন্মের লেখকদের জন্য পাথেয় হিসেবে কাজ করবে। হুমায়ূন আহমেদের স্মৃতিচারণা করে কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘এই বাংলা একাডেমীতেই ১৯৭২ সালে হুমায়ূন আহমেদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তাঁর রচনায় মুক্তিযুদ্ধ নতুন মহিমায় উদ্ভাসিত হয়েছে।’কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘হুমায়ূন আহমেদ প্রায় একাই আমাদের প্রকাশনা শিল্পকে দাঁড় করিয়েছেন। তাঁর মৃত্যু আমাদের প্রকাশনাশিল্পে এবং বইমেলায় প্রভাব ফেলবে। তাঁর মৃত্যুতে আক্ষরিক অর্থেই বড় ক্ষতি হলো। আমাদের বেড়ে ওঠার দিনগুলো তিনি তাঁর উপন্যাস ও নাটকে আনন্দময় করে তুলেছিলেন। সে জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাই।’ প্রকাশক আলমগীর রহমান চারটি প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে আগামী বইমেলা হুমায়ূন আহমেদের নামে উত্সর্গ করা, বাংলা একাডেমীর পাঠাগারে তাঁর নামে একটি পাঠকক্ষ চালু করা, তাঁর নামে একটি জাতীয় সড়কের নামকরণ করা এবং একটি জাতীয় কমিটি গঠন করে তাঁর জন্মদিনে হুমায়ূন মেলার প্রবর্তন করা হোক। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, হুমায়ূন আহমেদ ঐতিহ্য, আধুনিকতা, বিজ্ঞান ও মরমিবাদের মতো আপাত-বৈপরীত্যকে সুনিপুণ দক্ষতায় একত্র করেছেন। ভাষার বৈচিত্র্যেও ভাস্বর তাঁর সৃষ্টিভুবন। তিনি বলেন, আগামী অমর একুশে বইমেলা হুমায়ূন আহমেদ স্মরণে উত্সর্গ করা হবে। এ ছাড়া বাংলা একাডেমীতে স্থাপিত জাতীয় লেখক ও সাহিত্য জাদুঘরের একটি অংশে হুমায়ূন আহমেদের পাণ্ডুলিপি, ব্যবহূত জিনিসপত্র ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে। এ জন্য তিনি লেখকের পরিবারকে কিছু নিদর্শন একাডেমীকে হস্তান্তর করতে অনুরোধ জানান।শোকসভায় হুমায়ূন আহমেদের বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও পরিবারের কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন।এ ছাড়াও স্মরণসভায় সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, সাংবাদিক সালেহ্ চৌধুরী, গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, মনোবিদ মোহিত কামাল, জাতীয় কবিতা পরিষদের সম্পাদক আসলাম সানী প্রমুখ আলোচনা অংশ নেন।নাগরিক শোকসভা: এদিকে আগামী শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট হুমায়ূন আহমেদের স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করছে। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বিকেল তিনটায় সভা শুরু হবে।এদিকে আজ রাতে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তাঁর মা আয়েশা ফয়েজ গত বুধবার রাতেই ছেলের আত্মার শান্তির জন্য আগারগাঁওয়ের একটি এতিমখানায় এবং আর্ত ও দরিদ্র মানুষের জন্য ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করেন। আপাতত তাঁদের পরিবারের তরফে আর কোনো কর্মসূচি নেই। তিনি জানান, হুমায়ূন আহমেদের ছোট মেয়ে বিপাশা আহমেদ ও তাঁর মা গুলতেকিন খান আজ সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরেছেন।নুহাশপল্লী থেকে ফিরেছেন শাওন: আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, হুমায়ূন আহমেদের দাফনের দুই দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে নুহাশপল্লী ত্যাগ করেছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। দুপুরে কবর জিয়ারত শেষে বিকেল তিনটার দিকে শাওন তাঁর ছেলে নিষাদ, নিনিত ও মা তহুরা আলীকে নিয়ে নুহাশপল্লী থেকে ঢাকার পথে রওনা হন। এর আগে অন্য একটি গাড়িতে শাওনের বাবা মোহাম্মাদ আলীও নুহাশপল্লী ত্যাগ করেন। নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম এ কথা জানান। তিনি আরও জানান, হুমায়ূন আহমেদের স্বজনেরা চলে যাওয়ার পর থেকেই নুহাশপল্লীতে লোকসমাগম নেই।