আগামী বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগান নিয়ে আগামী বছরের ১২ থেকে ২০ জানুয়ারি শুরু হচ্ছে ‘দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১২’। নয় দিনের এ উৎসবে থাকবে চলচ্চিত্র প্রদর্শন, চলচ্চিত্রবিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা। এবারের উৎসবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, বুলগেরিয়া, কম্বোডিয়া, ক্রোয়েশিয়া, কানাডা, চীন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, ভারত, ইতালি, ইরান, ইন্দোনেশিয়া, জাপান, মরক্কো, মেক্সিকো, মালয়েশিয়া, নাইজেরিয়া, নেদারল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, থাইল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও স্বাগতিক বাংলাদেশসহ ৪০টি দেশের ১৫০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তিন দশক ধরে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গন নানামুখী অবক্ষয়ের শিকার। ফলে সিনেমা হলগুলো আজ দর্শকশূন্যতায় ভুগছে। অপরদিকে আমাদের সংখ্যাগরিষ্ঠ দর্শক সুষ্ঠু ধারার চলচ্চিত্র উপভোগ করতে প্রবল আগ্রহী। তারই নিমিত্তে প্রকৃত তথা সুষ্ঠু ধারার চলচ্চিত্র নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদ একাদশ উৎসবের পর আয়োজন করতে যাচ্ছে ‘দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১২’। উৎসবের আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আগামী বছরের ১২ জানুয়ারি বিকেল চারটায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের শুভ উদ্বোধন হবে। চলচ্চিত্র প্রদর্শন এবং সেমিনারের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। এবারের উৎসবে বাংলাদেশের সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর জীবনী ও চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হবে ট্রিবিউটস্ বিভাগ। এ বিভাগে প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র মিলিয়ে সাতটি চলচ্চিত্র। এ ছাড়া বাদল রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিশুতোষ বিভাগে সাতটি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং একটি চলচ্চিত্রকে ‘বেস্ট জুভেনাইল বাদল রহমান পদক’ প্রদান করা হবে। এবারের রেট্রোস্পেকটিভ বিভাগে থাকছে প্রখ্যাত ইরানিয়ান চলচ্চিত্রকার দারিউস মেহেরজুইয়ের ছয়টি চলচ্চিত্র এবং প্রখ্যাত ফরাসি চলচ্চিত্রকার পিয়েরে কুলিবিউফের সাতটি চলচ্চিত্র। উল্লেখ্য, চলচ্চিত্র উৎসবের ছবি জমাদানের শেষ তারিখ ধরা হয়েছে ৩১ অক্টোবর।