চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক অবগুণ্ঠন। মঞ্জু সরকারের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।‘অবগুণ্ঠন’ নাটকটি নিয়ে বলুন।অবগুণ্ঠন আমার পরিচালনায় অষ্টম ধারাবাহিক। গুলবাহার নামের একটি মেয়ের জীবনসংগ্রামের কথা বলা হয়েছে এতে। দেখা যাবে, গ্রাম ছেড়ে গুলবাহার শহরে চলে আসে। এরপর সে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। তারপর আবার সমস্যায় পড়ে গুলবাহার গ্রামে ফিরে যায়। তাকে ঘিরে ঘটতে থাকে নানা ঘটনা। নাটকে গুলবাহার চরিত্রে অভিনয় করেছেন রুহি।এই নাটকে আপনি তো অভিনয়ও করেছেন।আমার পরিচালনায় বেশির ভাগ নাটকেই আমি অভিনয় করেছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ চরিত্র নয়। ‘অবগুণ্ঠন’ নাটকের বেশির ভাগ অভিনয়শিল্পীই নতুন। আজকের প্রেক্ষাপটে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেললেন।ঝুঁকির তেমন কিছুই দেখি না। আমি নাটকের শিল্পী নির্বাচনের জন্য দুই মাসের অধিক সময় নিয়েছি। আমি আসলে নাটকের চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী খুঁজি। টিভি নাটকে তাঁরা নতুন হলেও অবগুণ্ঠন নাটকটির জন্য যে পরিশ্রম করেছেন, তাতে আমি মুগ্ধ হয়েছি। আমার মনে হয়েছে, শিল্পীরা তাঁদের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন। তা ছাড়া আমি নিজেও অবগুণ্ঠন নাটকের মাধ্যমে কয়েকজন নতুন অভিনয়শিল্পী উপহার দিতে চেয়েছি। নতুন কোনো কাজ করছেন?অবগুণ্ঠন ধারাবাহিকের কাজ শেষ হলেই নতুন আরেকটির কাজ শুরু করব। নতুনটি অবশ্য দীর্ঘ ধারাবাহিক হবে। নাম রোদ। চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য নাটকটি নির্মাণ করব।ঈদের নাটকের খবর কী?কোরবানির ঈদে আমার রচনা ও পরিচালনায় একটিমাত্র নাটক প্রচারিত হবে। নাম হাউসওয়াইফ থ্রি। এটি প্রচার করা হবে এটিএন বাংলায়।‘মনপুরা’র পর আপনি ‘কাজলরেখা’ ছবির ঘোষণা দিয়েছিলেন। ‘কাজলরেখা’র কী খবর?কাজলরেখা চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এখন অবশ্য সবকিছু ঠিক হয়ে গেছে। আশা করছি, আগামী বছর আগস্ট মাস থেকে কাজলরেখা চলচ্চিত্রের শুটিং শুরু করতে পারব।