আগামী বছরের মধ্যেই বিচার শেষ করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার অধিকতর তদন্তে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী-উপমন্ত্রী, নেতা-কর্মীদের জড়িত থাকার বিষয়টি বেরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। তিনি বলেছেন, এ ঘটনায় হাওয়া ভবন ও জামায়াত নেতাদের জড়িত থাকাটাই স্বাভাবিক। পুরো ঘটনাপ্রবাহে ইতিমধ্যে তা প্রমাণিতও হয়েছে।প্রতিমন্ত্রী বলেন, হাওয়া ভবন ও জামায়াত নেতাদের পাশাপাশি সে সময় গোয়েন্দা বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন বলেও প্রমাণ মিলছে।২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্ত বিষয়ে এক বিশেষ সাক্ষাত্কারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে এসব কথা বলেন। সাক্ষাত্কারটি নেওয়া হয় ১৯ আগস্ট রাতে লন্ডন থেকে টেলিফোনে। তিনি তখন লন্ডনে অবস্থান করছিলেন।প্রশ্ন: ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের সর্বশেষ অবস্থা কী?উত্তর: ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাটির সঠিকভাবে তদন্ত চলছে। বর্তমানে এ মামলাটির অধিকতর তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।প্রশ্ন: কবে নাগাদ অধিকতর তদন্ত শেষ হবে বলে মনে করেন?উত্তর: ৩ অক্টোবরের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে বলে আশা রাখছি। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এ গ্রেনেড হামলাকে সাজানো ঘটনা বলে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। শুধু তা-ই নয়, তারা বিচার বিভাগ থেকে শুরু করে সিআইডির প্রতিবেদনকেও ভিন্ন খাতে নিয়ে যেতে চেয়েছে। যে কারণে সঠিকভাবে তদন্তের জন্য যে সময় দেওয়া প্রয়োজন, আমরা তা-ই দিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে তদন্তকাজ শেষ করে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্ত কর্মকর্তারা কাজ করছেন।প্রশ্ন: বর্তমান সরকারের আমলে কি বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে?উত্তর: অবশ্যই। বর্তমান সরকারের আমলে বললে ভুল হবে। আমরা চাই আগামী বছরের (২০১১) মধ্যে বিচারকাজ শেষ করতে। চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ এ মামলার ঘটনায় ভুক্তভোগী দেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং এ ঘটনার বিচার বর্তমান সরকারের মেয়াদে করা সারা দেশের মানুষের দাবি। যে কারণে একটু সময় লাগলেও আমরা চাই, গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সবাইকে বিচারের কাঠগড়ায় আনতে।প্রশ্ন: তত্কালীন জোট সরকারের আমলে এই মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে—এ বিষয়ে কিছু বলবেন?উত্তর: হ্যাঁ, এটা ঠিক। জোট সরকারের আমলে সিআইডির কিছু কর্মকর্তা মামলাটি ভিন্ন খাতে নিতে জজ মিয়াকে আসামি বানিয়ে নাটক সাজিয়েছিলেন। আর কারা সে সময় এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।প্রশ্ন: অধিকতর তদন্তে এই হামলার সঙ্গে সম্পৃক্ত হিসেবে কাদের নাম বেরিয়ে আসছে?উত্তর: চারদলীয় বিএনপি-জামায়াত জোটের নেতাদের এ ঘটনার সঙ্গে জড়িত থাকা স্বাভাবিক। কেননা বিএনপি-জামায়াত জোট সরকার তদন্তকালে অপরাধের উত্স ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যা উদ্দেশ্যমূলক বলে আমি মনে করি। তদন্তে যার নাম আসবে, তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হবে।প্রশ্ন: আর্জেস গ্রেনেড কীভাবে দেশে এল, কীভাবে জঙ্গিদের হাতে গেল, এর উত্স কোথায়?উত্তর: চারদলীয় জোট সরকার আর্জেস গ্রেনেড দেশে এনেছে। ক্ষমতায় থেকে তারা ক্ষমতার অপব্যবহার করেছে। ওই গ্রেনেড তারাই জঙ্গিদের কাছে পৌঁছে দিয়েছে। সব উত্স খোঁজা হচ্ছে। এর মধ্যে অনেক তথ্যও পাওয়া গেছে। যেভাবে তারা ১০ ট্রাক অস্ত্র এনেছিল, সেই একইভাবে অথবা ওই ট্রাকে এসব আর্জেস গ্রেনেড আনা হয়ে থাকতে পারে। কিন্তু তদন্তের স্বার্থে এসব বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।প্রশ্ন: গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনকে কারা বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন, তাঁদের বিচারের আওতায় আনা হবে কি?উত্তর: গোয়েন্দা সংস্থার যেসব কর্মকর্তা গ্রেনেড সরবরাহকারী তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে। সে সময়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিদের কোনো সংশ্লিষ্টতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্যই তাঁদের বিচারের আওতায় আনা হবে।