আগামী বছরের শেষ দিকে নির্মাণকাজ শুরু করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের দরপত্র কার্যক্রম যেখানে থেমে ছিল, সেখান থেকে আবার শুরু করলেও আগামী বছরের সেপ্টেম্বরের আগে মূল সেতুর কাজ শুরু করা সম্ভব হবে না। আর নতুন করে দরপত্র আহ্বান করতে হলে মূল সেতুর কাজ আরও সাত-আট মাস পিছিয়ে যাবে। মানে ২০১৪ সালের প্রথম ভাগে এ কাজ শুরু হতে পারে। পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ কমিটির প্রধান ড. জামিলুর রেজা চৌধুরী প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে এলিফ্যান্ট রোডের নিজ বাসায় দেওয়া এ সাক্ষাৎকারে তিনি বিশ্বব্যাংকের সঙ্গে অর্থায়ন নিয়ে জটিলতা নিরসন, আগামী দিনে আর্থিক ও কারিগরি দিক দিয়ে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং প্রকল্পের কাজ দ্রুত করার জন্য কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সেসব বিষয়ে খোলামেলা কথা বলেন। জামিলুর রেজা চৌধুরী বঙ্গবন্ধু সেতুরও বিশেষজ্ঞ কমিটির প্রধান ছিলেন। প্রশ্ন: বিশ্বব্যাংক আবার পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করতে রাজি হয়েছে। এর ফলে প্রকল্পের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে?জামিলুর রেজা চৌধুরী: পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে আর্থিক ও কারিগরি দুই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি পুনর্বহালের যে খবর বেরিয়েছে তাতে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, আর্থিক সমস্যা সমাধানের পথে। তবে নির্মাণের সময় শুরু হবে কারিগরি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জও আর্থিক চ্যালেঞ্জের চেয়ে কম নয়। প্রশ্ন: সব প্রক্রিয়া সম্পন্ন করে মূল সেতুর নির্মাণকাজ শুরু করতে কত সময় লাগবে বলে আপনি মনে করেন?উত্তর: শুরুটা কবে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রথমে বিশ্বব্যাংক যে ঋণচুক্তি বাতিল করেছে, তা পুনর্বহাল করতে হবে। এরপর প্রশ্ন আসবে গত সেপ্টেম্বরে প্রক্রিয়া যেখানে থেমে গিয়েছিল, সেখান থেকে শুরু হবে কি না। সরকারের উচিত হবে যেখানটায় থেমে গিয়েছিল, সেখান থেকেই শুরু করার বিষয়টি নিশ্চিত করা। গত বছরই মূল সেতুর প্রাক্-যোগ্যতা যাচাই সম্পন্ন হয়ে গেছে। সেখান থেকে শুরু করা গেলে চূড়ান্ত দরপত্র আহ্বান এবং মূল্যায়নের পর ঠিকাদারের সঙ্গে চুক্তি করা যাবে আগামী বছরের এপ্রিল মাস নাগাদ। চূড়ান্ত কাজ শুরু করা যেতে পারে আগামী সেপ্টেম্বরে। তবে নতুন করে প্রাক্-যোগ্যতা যাচাইয়ের পর চূড়ান্ত দরপত্র আহ্বান করতে হলে নির্মাণকাজ শুরু করতে আরও সাত-আট মাস বাড়তি সময় লাগবে। প্রশ্ন: কাজ শুরুর জন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে?উত্তর: ঠিকাদারের সঙ্গে চুক্তির পরই তারা কাজ শুরু করতে পারবে না। চুক্তির পর ঠিকাদারকে চুক্তিমূল্যের ১৫ শতাংশ অগ্রিম দিতে হবে। এরপর ঠিকাদার নির্মাণসামগ্রী রাখার স্থান (ইয়ার্ড) নির্মাণ করবে। ভরা বর্ষায় নদীপথে নির্মাণসামগ্রী ও ভারী যন্ত্রপাতি আনবে। যন্ত্রপাতি আনার পর সঙ্গে সঙ্গেই কাজ শুরু করা যাবে না। কারণ, পদ্মা সেতু প্রকল্পের জন্য যে পরিবেশগত কর্মপরিকল্পনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে, বর্ষা মৌসুমের যে সময়টা ইলিশ মাছ নদীতে বিচরণ করে, সে সময় পাইলিং বা খনন করা যাবে না। এ ছাড়া ভরা বর্ষায় স্রোতে বার্জ রাখাও দুষ্কর। তাই প্রকৃত কাজ শুরু করতে হবে সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরে কাজ শুরুর যে হিসাব দিয়েছি, সেটাও এ মাসেই দরপত্র প্রক্রিয়া শুরু হবে—এ চিন্তা থেকে। এ ছাড়া কাজ শুরুর আগে তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করতে হবে দ্রুত। প্রশ্ন: সেপ্টেম্বরে কাজ শুরু হলে সেতু চালু করা যাবে কত বছর পর?উত্তর: প্রাথমিকভাবে তিন বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে পাইল (সেতুর মূল ভিত্তি) ও নদীশাসন শুকনা মৌসুম ছাড়া করা যায় না। সে ক্ষেত্রে বছরে বড়জোর আট মাস সময় পাওয়া যাবে। পদ্মা সেতুর জন্য প্রায় ২৭০টি পাইল বসাতে হবে। মাটির নিচে পাথর কিংবা শক্ত মাটি থাকলে সময় বেশি লাগবে। এ ছাড়া বাংলাদেশের নদীগুলো খরস্রোতা হওয়ায় নদীশাসনও জটিল। নদীশাসনের সময় পাড় ভেঙে যেতে পারে। সে ক্ষেত্রেও সময় ও ব্যয় বেড়ে যাবে। দ্রুত করার জন্য মূল সেতু ও নদীশাসনের কাজ একসঙ্গে শুরু করা যেতে পারে। প্রশ্ন: সব ধরনের দরপত্র কার্যক্রম এক বছর বন্ধ থাকার কারণে নির্মাণও পিছিয়ে গেছে। এর ফলে ব্যয় কী পরিমাণ বাড়বে? উত্তর: ব্যয় বাড়বেই—এটা হলফ করে বলা যাবে না। বাড়তেও পারে, আবার কমতেও পারে। তিনি বলেন, প্রকল্পের ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ২৩ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণ ও পুনর্বাসনসহ কিছু কাজে ইতিমধ্যে এক হাজার ৪০০ কোটি টাকা খরচ হয়ে গেছে। এটা মূল প্রাক্কলন থেকে বাদ যাবে। এ ছাড়া জাজিরা প্রান্তের সংযোগ সড়ক নির্মাণে যে চূড়ান্ত দরপত্র আহ্বান করা হয়েছিল, তাতে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ১৯ শতাংশ কম দর প্রস্তাব করেছে ঠিকাদার। মূল সেতু ও নদীশাসনে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কম না বেশি দর আসবে, তা বলা যাচ্ছে না। তবে প্রকল্পের জন্য ৫ শতাংশ হারে ব্যয় বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। প্রশ্ন: মূল সেতুর বাইরে আর কী কী কাজ দ্রুত করা যায়?উত্তর: বিশ্বব্যাংকের চুক্তি পুনর্বহাল, অন্য তিন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) এবং ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) একমত হলে আগামী ডিসেম্বরেই জাজিরা প্রান্তের সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে। কারণ, ইতিমধ্যে জাজিরা প্রান্তের সংযোগ সড়কের চূড়ান্ত দরপত্র মূল্যায়ন হয়ে গেছে। এটি এখন আইডিবির অনুমোদনের অপেক্ষায়। বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতার কারণে আইডিবি সেটা অনুমোদন দেয়নি। এখন আইডিবি অনুমোদন দিলে এ কাজটি প্রথমেই শুরু করা যায়। তবে এর জন্য তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে। প্রশ্ন: ক্রয়-প্রক্রিয়ায় (দরপত্র-প্রক্রিয়ায়) উন্নয়ন সহযোগীদের আরও বেশি সম্পৃক্ত করতে সম্মত হয়েছে সরকার। এটা কী ধরনের হলে ভালো হয়?উত্তর: বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় বিশ্বব্যাংক, এডিবিসহ সব উন্নয়ন সহযোগী একক তহবিলে ঋণের অর্থ রেখেছিল। ওই তহবিল থেকেই সব অর্থ পরিশোধ করা হতো। কিন্তু পদ্মা সেতু প্রকল্পে আইডিবি শুধু জাজিরা প্রান্তের সংযোগ সড়কে অর্থায়ন করার কথা বলেছিল। এডিবিও মূল সেতু ও নদীশাসন এবং জাইকা মূল সেতুতে অর্থায়নের কথা বলেছিল। এখন সবার অর্থ এক জায়গায় রেখে সব কাজে ব্যবহার করতে পারলে জটিলতা কম হবে। প্রশ্ন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।জামিলুর রেজা চৌধুরী: আপনাকেও ধন্যবাদ।