আগামী বছরের শেষ নাগাদ মেট্রো রেলের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রো রেল নিয়ে নতুন করে আশার বাণী শোনালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ২০১৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মেট্রো রেলের কাজ শুরু হবে। মেট্রো রেলের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এ প্রস্তাব পাস হলে জাইকার সঙ্গে ঋণ চুক্তি হবে।আজ বুধবার জাইকার দুই সদস্যের একটি প্রতিনিধিদল যোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।উল্লেখ্য, মেট্রো রেল প্রকল্পে ৮০ শতাংশ অর্থায়ন করার প্রতিশ্রুতি দিয়েছে জাইকা। মেট্রো রেলের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জাইকার প্রতিনিধিদের জানান মন্ত্রী। যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের জানান, ইস্টার্ন বাংলাদেশ সেতু উন্নয়ন প্রকল্পের অধীনে দেশের পূর্বাঞ্চলে ১১৭টি সেতু নির্মাণ ও পুনর্নিমাণ করা হবে। এই প্রকল্পে ৫০২ কোটি টাকা দেবে জাইকা এবং সরকার বহন করবে ১৮৯ কোটি টাকা। ইতিমধ্যে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০১৩ সালের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। মন্ত্রী জানান, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর পাশে আরও দুটি নতুন সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই করছে জাইকা। আগামী ডিসেম্বরের মধ্যে সম্ভাব্যতা শেষে হবে। ওবায়দুল কাদের জানান, হাইকোর্টের রায়ে সড়ক ভবন ছেড়ে দিতে হয়েছে। এখন তেজগাঁওয়ে ১৭ একর জমি নিয়ে একটি নতুন ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনের নকশা প্রণয়ন শেষ পর্যায়ে আছে। ভবন নির্মাণে এডিবি ৭০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে তারা এ বছরেই ৩০ কোটি কোটি টাকা ছাড় করতে রাজি আছে। সরকারও এ ভবন তৈরিতে ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছে।