আগামী বাজেটে ৩৮ হাজার ৫০০ কোটি টাকার এডিপি অনুমোদন
২০১০-১১ অর্থবছরের বাজেটে ৩৮ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। এতে কৃষি, পল্লী উন্নয়ন, বিদ্যুৎ ও পরিবহন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।আগামী এডিপির ৬০ শতাংশ বা ২৩ হাজার ২০০ কোটি টাকার সংস্থান হবে অভ্যন্তরীণ উৎস থেকে। বাকি ৪০ শতাংশ বা ১৫ হাজার ৩০০ কোটি টাকা থাকবে প্রকল্প সাহায্য।মোট প্রকল্প থাকবে ৯১০টি, যার মধ্যে নতুন প্রকল্প ৯৪টি। আর চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে আগামী অর্থবছরের এডিপিতে স্থানান্তরিত প্রকল্প ৮১৬টি।আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় পরিকল্পনাসচিব হাবিবউল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন।পরিকল্পনাসচিব জানান, আগামী এডিপির অগ্রাধিকার খাতের মধ্যে প্রথম হচ্ছে কৃষি। এডিপির ২১ শতাংশ অর্থাৎ আট হাজার ১৬৭ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কৃষি, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান এবং পানিসম্পদ খাতে।বরাদ্দের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে বিদ্যুৎ, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাত। এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট এডিপির ১৬ শতাংশ অর্থাত্ ছয় হাজার ৭৪ কোটি ৮১ লাখ টাকা।এ ছাড়া পরিবহন খাতে ১৪ শতাংশ বা পাঁচ হাজার ৫১০ কোটি ৫৭ লাখ টাকা; শিক্ষা ও ধর্ম খাতে ১৩ শতাংশ বা পাঁচ হাজার ১৮৪ কোটি ১৬ লাখ টাকা; স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবারকল্যাণ খাতে ১০ শতাংশ বা তিন হাজার ৯২০ কোটি ২৫ লাখ টাকা এবং ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ৯ শতাংশ বা তিন হাজার ৫৩০ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এডিপির ৪ দশমিক ১৩ শতাংশ বা এক হাজার ৫৮৮ কোটি ৩১ লাখ টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান এ কে খন্দকার।বাকি অর্থ শ্রম ও কর্মসংস্থান খাত এবং ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম ছাড়া বিশেষ এলাকার উন্নয়ন, নদীখনন এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা উপখাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।