আগামী বিডিআর সপ্তাহের আগেই নতুন নাম-পোশাক: বিডিআর প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বলেছেন, ‘আগামী বিডিআর সপ্তাহের আগেই বিডিআর নতুন নাম ও পোশাকে একটি সুন্দর ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে দাঁড়াবে।’ আজ মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর সীমান্ত পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের বিডিআরের মহাপরিচালক এ কথা বলেন। বিডিআর সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার সীমান্তে বিরোধপূর্ণ জমি নিয়ে গত এক মাসে চারবার বিডিআর-বিএসএফ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। আজ সকালে বিডিআরের মহাপরিচালক সিলেট সীমান্ত পরিদর্শন করেন। তিনি সিলেটের সীমান্ত এলাকার বিরোধপূর্ণ জমিসহ সীমান্তের পিলার পরিদর্শন করেন। এ সময় ১২৮৪ নম্বর পিলারের কাছে প্রতাপপুর সীমান্তে ভারতের শিলং সেক্টরের ডিআইজি এ কে ভার্গনের সঙ্গে সাক্ষাত্ করেন। ৭ মার্চ দিল্লিতে অনুষ্ঠিতব্য বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক পর্যন্ত কোনো ধরনের আগ্রাসন চালাবে না বলে বিএসএফ বিডিআরকে আশ্বস্ত করেছে।পরিদর্শন শেষে বিডিআরের মহাপরিচালক উপস্থিত সাংবাদিকদের বলেন, সিলেটসহ দেশের সব সীমান্ত বিরোধ রাজনৈতিকভাবে সমাধান করা হবে। যেখানে ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, সেখানে উভয়পক্ষকে ধৈর্যের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, গুলি কোনো সমাধান নয়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।