আগামী বুধবার ইসলামী দলগুলোর মানববন্ধন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত ইসলামী ও সমমনা ১১টি দল আগামী বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে তারা বিক্ষোভ সমাবেশ করে। সেখানে সভাপতির বক্তব্যে ১১ দলের নেতা আবদুর রব ইউসুফি এ ঘোষণা দেন। সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি পুনর্বহাল এবং সংশোধিত সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাতিল করার দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করে। বিক্ষোভ সমাবেশ চলাকালে প্রধান সড়কে প্রায় দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পুলিশ বায়তুল মোকাররমের পশ্চিম প্রান্ত ও পূর্ব প্রান্তে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তাদের ঘেরাও করে রাখে। সমাবেশ শেষে তারা এ এলাকায় বিক্ষোভ মিছিল করে। সমাবেশে ১১টি দলের নেতাদের মধ্যে নেজামউদ্দিন, জাফরুল্লাহ খান, মহিউদ্দিন খান রব্বানী, আলমগীর মজুমদার, খলিলুর রহমান মাদানী প্রমুখ বক্তব্য দেন।