আগামী মার্চে নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার বছর পর মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক হচ্ছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় দুই দেশের পানিসম্পদমন্ত্রীদের এ বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টনের বিভিন্ন বিষয় আলোচ্যসূচিতে থাকলেও বাংলাদেশের পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হবে তিস্তার ব্যাপারে। তিস্তার পানি বণ্টনের বিষয়ে একটি চুক্তি সইয়ের ব্যাপারেও আলোচনা হবে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, জেআরসির ৩৭তম এ বৈঠকের প্রস্তাবিত সময়সূচি আগামী ১৭ থেকে ১৯ মার্চ। বৈঠকের দিনক্ষণ দু-এক দিনের মধ্যে ঘোষণা করা হবে। বৈঠকের সময় নদীর পানিপ্রবাহ দেখতে দুই দেশের বিশেষজ্ঞদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ারও কথা রয়েছে। পররাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে আলোচনা হবে। এ ব্যাপারে মতৈক্য না হলে অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের প্রস্তাব দেবে বাংলাদেশ।গত ১১ জানুয়ারি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বৈঠক হতে যাচ্ছে। এর আগে ৪ থেকে ৫ জানুয়ারি ঢাকায় জেআরসির সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে বাংলাদেশের পানিসম্পদসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও ভারতের পানিসম্পদসচিব উমেশ নারায়ণ পাঁজিয়ার সাংবাদিকদের জানিয়েছিলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে দুই দেশের মতপার্থক্য কমে এসেছে।দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, যে পদ্ধতিতে পানির হিস্যা নির্ধারণ করে তিস্তার পানি বণ্টনে বাংলাদেশ চুক্তি সই করতে চায়, তাতে এখনই রাজি নয় ভারত। এ চুক্তি সইয়ের জন্য নদীর ২০ শতাংশ পানি স্বাভাবিক প্রবাহের জন্য রেখে বাকি ৮০ শতাংশ সমান দুই ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লি মনে করে, বাংলাদেশের প্রস্তাবে সায় দেওয়ার আগে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা উচিত। এর অংশ হিসেবে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি দল শিগগিরই পশ্চিমবঙ্গে যাবে। এ সময় তাঁরা বাংলাদেশের দেওয়া প্রস্তাবের বিষয়টি জানাবেন। সেই সঙ্গে শুকনো ও বর্ষা মৌসুমে নদীর পানিপ্রবাহ কেমন থাকে, সে ব্যাপারেও খোঁজ নেবেন।জানা গেছে, বামফ্রন্টশাসিত পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তিস্তার পানি বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটা অনিশ্চিত। মাওবাদীদের দমন এই মুহূর্তে রাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার। এ ছাড়া আগামী বছর রাজ্য বিধানসভার নির্বাচনের আগে তিস্তার মতো বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সায় দেবে, এমন আভাসও মিলছে না।