আগামী মাস থেকেই ১২ হাজার টাকায় ল্যাপটপ
টেলিযোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমদ রাজু বলেছেন, জুন মাসের মধ্যে মাত্র ১২ হাজার টাকায় ল্যাপটপ দিতে পারবে সরকার।আজ বুধবার গাজীপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শহীদ আহসানউল্লাহ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, মহাজোট সরকারের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে দেশের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যুবকেরাই আগামী দিনে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।মন্ত্রী আরও বলেন, বিএনপি জোট আমলে শহীদ আহসানউল্লাহ মাস্টারসহ যত রাজনৈতিক নেতা-কর্মী হত্যা করা হয়েছে, সব হত্যাকাণ্ডের বিচার করতে সরকারব্যবস্থা নিচ্ছে। আহসানউল্লাহ মাস্টারের যেসব খুনি এখনো দেশের বাইরে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।এই স্মরণসভায় শহীদ আহসানউল্লাহ মাস্টারের হত্যার রায় কার্যকর করার দাবি জানান আওয়ামী লীগের নেতারা।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসানের সভাপতিত্বে এই স্মরণসভায় সাবেক সাংসদ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন গাজীপুর পৌর আওয়ামী লীগের নেতা ওয়াজউদ্দিন মিয়া, রফিজউদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। বাসস।