আগামী মাসে নতুন অ্যালবামের কাজ শুরু করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে গান আর আড্ডার অনুষ্ঠান গানে গানে গল্প। অনুষ্ঠানের আজকের অতিথি শুভ্র দেব। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাপ্পা মজুমদার। কথা হলো শুভ্র দেবের সঙ্গে।‘গানে গানে গল্প’ অনুষ্ঠানে কী নিয়ে আলোচনা করেছেন?আমার শিল্পীজীবনের নানা দিক উঠে এসেছে। শিল্পী হয়ে ওঠার গল্প, জীবনের গল্প, ভবিষ্যৎ পরিকল্পনার কথাও আলোচনা করেছি। আড্ডার ফাঁকে নিজের বিভিন্ন অ্যালবাম থেকে কিছু জনপ্রিয় গান করেছি। এ ছাড়া মাইকেল জ্যাকসনের সঙ্গে দেখা হওয়ার গল্পও করেছি। পাশাপাশি এ সময়ের অডিও বাজারের নৈরাজ্যকর অবস্থা নিয়েও আলোচনা করেছি।আপনার সর্বশেষ অ্যালবাম ‘দিও না পরানে যাতনা’র কী খবর?এটি আমার ২৫তম অ্যালবাম। ২০০৯ সালের এপ্রিলে অ্যালবামটির কাজ শুরু করি। আরমান খানের কথা ও সুরে অ্যালবামটি এটিএন মিউজিকের ব্যানারে বাজারে এসেছে। আমার অন্য ২৪টি অ্যালবাম থেকে এটি একেবারেই আলাদা। সত্তর-আশির দশকের গানের স্টাইলটা ঠিক রেখে খুব আধুনিক কম্পোজিশনের মাধ্যমে তা সময়োপযোগী করে তুলেছি। নতুন অ্যালবামের খবর কী?নতুন একটি অ্যালবামের ভাবনা অবশ্য এরই মধ্যে করেছি। আগামী মাসেই কাজ শুরু করব। এটি হবে প্রযুক্তিনির্ভর আধুনিক গানের অ্যালবাম। একেবারে ভিন্নধর্মী ভাবনা থেকে এটি হবে।এবার ঈদে কোনো প্রতিষ্ঠানই উল্লেখযোগ্য কোনো অডিও অ্যালবাম বের করেনি। এর কারণ কী?আমি বলব, শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠান উভয়ই এর জন্য দায়ী। গত কয়েক বছরে বেশ কজন শিল্পী উঠে এসেছে, আবার হারিয়েও গেছে। একসময় দেখা যেত শিল্পীদের বাসায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ধরনা দিতে। অথচ পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। এ ছাড়া বর্তমানে পাইরেসি-সমস্যা তো প্রযোজকদের এক ধরনের বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এফএম রেডিওর মাধ্যমে শ্রোতারা নতুন নতুন অ্যালবামের গান শুনতে পারছে। একটা অ্যালবামের পেছনে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ অর্থ খরচ করে, তা তুলে আনা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে আমার বিশ্বাস, এ অবস্থা বেশি দিন থাকবে না।