আগামী মাসেই তিস্তার পানিবণ্টন চুক্তি: পানিসম্পদমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, আগামী মাসে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে।আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০১১-১২ সালের প্রস্তাবিত অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।এর আগে প্রশ্নোত্তরপর্বে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর পানিবণ্টনে অচিরেই সমতার ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিস্তা নদীর পানিবণ্টন চুক্তিকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য নদীর পানিবণ্টন চুক্তি সম্পাদনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে।মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর নাব্যতা রক্ষায় বিশেষ করে বুড়িগঙ্গা নদীর নাব্যতা ও দূষণ রোধে শুষ্ক মৌসুমে প্রবাহ বৃদ্ধির জন্য নিউ ধলেশ্বরী, পুংলী, বংশী, তুরাগ ও বুড়িগঙ্গা নদীর ১৬২ কিলোমিটার পুনঃখননের মাধ্যমে যমুনা নদী থেকে পানি আনতে একটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে।