আগামী শনিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আগামী শনিবার ঢাকায় আসছেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তিনি জেমস এফ মরিয়ার্টির স্থলাভিষিক্ত হচ্ছেন।ঢাকায় মার্কিন দূতাবাস আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছরের ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাষ্ট্রদূত মজিনাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। এরপর ১৮ অক্টোবর মার্কিন সিনেট রাষ্ট্রদূত হিসেবে মজিনার মনোনয়ন নিশ্চিত করে। ৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসচিব বিল বার্নস ওয়াশিংটনে রাষ্ট্রদূত মজিনাকে শপথবাক্য পাঠ করান।প্রসঙ্গত পেশাদার মার্কিন কূটনীতিক ড্যান মজিনা এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক-রাজনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের আগে তিনি অ্যাংগোলায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।