আগামী শনিবারেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান এসে গেছে। ভারত আসছে কবে?কেন, ভারতের জন্য এই ব্যগ্রতা কেন? কোটি মানুষের উন্মাদনার কল্যাণে ভারত অনেক দিনই ক্রিকেটের মোক্ষধাম। ভারত মানেই ক্রিকেট-বাণিজ্য। ভারত মানেই টিআরপি রেটিং চড়চড় করে ওপরে ওঠা। ভারতকে আতিথ্য দিতে ব্যগ্র তাই ক্রিকেট-বিশ্বই। তবে ভারতের জন্য বাংলাদেশের অপেক্ষার কারণ এটা নয়। অপেক্ষা তো আসলে পুরো বিশ্বকাপেরই। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই যে শুরু হবে বিশ্বকাপ নামের মহাযজ্ঞ। আজ শনিবার। আগামী শনিবারই বাংলাদেশ-ভারত সেই মহারণ। একবার ভাবুন, সেদিন এমন সময়ে বাংলাদেশ কেমন থরথর রোমাঞ্চে কাঁপবে!পাকিস্তান আপাতত ক্ষণিকের অতিথি। কোয়ার্টার ফাইনালে উঠলে আবারও বাংলাদেশে আসতে হতে পারে। তবে কাল রাতে শহীদ আফ্রিদির দলের আগমন ‘ট্রানজিট যাত্রী’ হিসেবে। গ্রুপ পর্যায়ের ম্যাচ সব শ্রীলঙ্কায়। বাংলাদেশ সেটির প্রস্তুতি পর্ব। আগামী মঙ্গলবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। শুক্রবার ফতুল্লায় প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপের টিকিট না পেয়ে যাদের মন খারাপ, তাদের জন্য দুধের স্বাদ ঘোলে মেটানোর একটা সুযোগ হয়েও এসেছে এই দুটি ‘হাই প্রোফাইল’ প্রস্তুতি ম্যাচ।পাকিস্তানের ক্রিকেট চির রোমাঞ্চকর। আজ দুর্দান্ত তো কাল যাচ্ছেতাই। অনায়াসে এই দলের থিম সং হতে পারে রবীন্দ্রসংগীতের লাইন, ‘কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই—’। এই দলের অধিনায়ক হিসেবে শহীদ আফ্রিদিকেও খুব মানায়। পাকিস্তানের মতো আফ্রিদিও কখন কী করবেন, কেউ জানে না!অননুমেয় চরিত্রের আরেকটি প্রমাণ রেখে বিশ্বকাপ জিতে ফেললে ভিন্ন কথা। নইলে এই বিশ্বকাপটা পাকিস্তানের কাছে বড় দুঃখের হয়ে থাকবে। উপমহাদেশের এই বিশ্বকাপেও যে তারা ‘পরবাসী’। বাংলাদেশে উদ্বোধনী ম্যাচ খেলেই ভারতীয় দল ফিরে যাচ্ছে দেশে। বাকি সব গ্রুপ ম্যাচ সেখানেই। শ্রীলঙ্কারও শুধু একটি গ্রুপ ম্যাচই দেশের বাইরে। বাংলাদেশের তো সবই দেশে। অথচ পাকিস্তানকে প্রস্তুতি ম্যাচ খেলতেও আসতে হচ্ছে বাংলাদেশে।বিশ্বকাপে বাংলাদেশের প্রথম বড় শিকার পাকিস্তান। শহীদ আফ্রিদি সেদিনও এক টেলিভিশন সাক্ষাৎকারে বলছিলেন, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজয়ের স্মৃতিটা এখনো তাঁকে তাড়িয়ে বেড়ায়। প্রতিশোধস্পৃহাও নিশ্চয়ই কাজ করে। কিন্তু সেটি মেটানোর সুযোগই পাননি আফ্রিদি। নর্দাম্পটনের ওই ম্যাচটির পর বিশ্বকাপে বাংলাদেশকে তো আর পানইনি। এবারও না পাওয়ার সম্ভাবনাই বেশি।প্রতিশোধের আগুন জ্বলছে বীরেন্দর শেবাগের মনেও। হুংকার-টুংকারও দিচ্ছেন। ঢাকায় নাকি পোর্ট অব স্পেনের বদলা নেবেন। ২০০৭ বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে দগদগে এক ক্ষত হয়ে আছে। আরেকটি বিশ্বকাপের আগে ভারতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও বোধ হয় ‘বাংলাদেশ’। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার কদিন আগে কলকাতা ঘুরে এসে বললেন, ‘যেখানেই গিয়েছি, কেউ না কেউ এসে ওই ম্যাচটার কথা মনে করিয়ে দিয়েছে।’বাংলাদেশের বিপক্ষে ওই পরাজয়ে প্রথম রাউন্ডেই শেষ হয়ে গিয়েছিল ভারতের বিশ্বকাপ। শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বকাপকেই এলোমেলো করে দিয়েছিল ওই ম্যাচ। ভারতের বিদায় মানে যে ক্রিকেট-বাণিজ্যেরও মাথায় হাত। আবারও এমন ‘বিপর্যয়’ এড়াতেই বিশ্বকাপ ফিরে গেছে পুরোনো ফরম্যাটে। বিশ্বকাপ আপসেট খুব কম দেখেনি। তবে এমন প্রভাবশালী আপসেট আর একটিও নয়। বাংলাদেশ গর্ব করতেই পারে।১৯ ফেব্রুয়ারি সেই জ্বালা মেটাতেই মাঠে নামবে ভারতীয় দল। বাংলাদেশ? বাংলাদেশ কি বসে থাকবে? অধিনায়ক সাকিব আল হাসান তো প্রথম ম্যাচেই ভারতকে পেয়ে বরং খুশি। গ্রুপে ভারতকেই সবচেয়ে শক্তিশালী দলের স্বীকৃতি দিচ্ছেন। সঙ্গে যোগ করছেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রথম ম্যাচে সব দলই একটু নার্ভাস থাকে। প্রথম ম্যাচেই ভারতকে পেয়ে তাই ভালোই হয়েছে।’তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে গত বিশ্বকাপে ভারত-বধ কাব্যে সাকিবের ভূমিকা অনেকটাই আড়াল হয়ে গেছে। সাকিবের হাফ সেঞ্চুরি ছিল। হাফ সেঞ্চুরি ছিল মুশফিকুরেরও। তিন হাফ সেঞ্চুরিয়ান এবারও আছেন। নেই শুধু সেই জয়ের আরেক কুশীলব—মাশরাফি বিন মুর্তজা।বীরেন্দর শেবাগের দিনে কোনো বোলারই বোলার নন। তবে ‘নড়াইল এক্সপ্রেস’ বিশ্বকাপের স্টেশনে পৌঁছাতে না পারাটা ‘নজফগড়ের নবাব’কে একটু স্বস্তিই দেওয়ার কথা। ভারতের বিপক্ষে বাংলাদেশের দুটি জয়েই ম্যান অব দ্য ম্যাচ মাশরাফি। দুই জয়ে আরেকটি মিল আছে। দুবারই—‘শেবাগ বোওল্ড মাশরাফি!’ প্রথমবার শূন্য রানে। মাত্র ২ রানই বেশি করতে পেরেছিলেন গত বিশ্বকাপের ওই ম্যাচে।২০০৭ বিশ্বকাপের ওই ম্যাচে অনেকটা ঘোষণা দিয়েই ভারতকে হারিয়েছিলেন মাশরাফি। টুর্নামেন্ট শুরুর আগে মন্টিগো বেতে উদ্বোধনী অনুষ্ঠানের দিন বলেছিলেন, উইকেট যদি একটু ভেজা থাকে, ভারতকে ‘ধরে দিবানি’।উইকেট একটু ভেজা ছিল। বুঝতে না পেরে অথবা অতি আত্মবিশ্বাস থেকে টসে জিতে তার পরও ব্যাটিং নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ভারতকে ঠিকই ধরে দিয়েছিলেন মাশরাফি। আগামী শনিবার দুপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে যখন উন্মাদনায় মেতে উঠবে পুরো দেশ, মাশরাফি বিন মুর্তজার মনে তখন কী ঝড়টাই না বইবে!