আগামী শুষ্ক মৌসুমেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে: যোগাযোগমন্ত্রী
পদ্মা সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের জন্য আবার প্রাকযোগ্যতা দরপত্র ডাকতে হলেও নির্ধারিত সময়েই এর কাজ শুরুর আশা করছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেছেন, নতুন করে দরপত্র আহ্বান এবং ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে। তবে আগামী শুষ্ক মৌসুমেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ড স্টেইনের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ সহায়তার বিষয়ে আবুল হোসেন বলেন, এ ব্যাপারে তাদের সম্মতি আছে। কিছু বিষয়ে আপত্তিও রয়েছে। এসব নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হবে। মন্ত্রী বলেন, নতুন দরপত্র আহ্বান সত্ত্বেও পদ্মা সেতুর নির্মাণকাজ অবশ্যই আগামী শুষ্ক মৌসুমে শুরু হবে।"প্রাকযোগ্যতা দরপত্র বাতিল প্রসঙ্গে তিনি বলেন, গত এপ্রিলে আহ্বান করা প্রাকযোগ্যতা দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর দুটি বিষয়ে যোগ্যতা থাকার কথা ছিল। কিন্তু যারা এতে অংশ নিয়েছে, তাদের দুটি যোগ্যতা নেই। তাই বিশ্বব্যাংক আপত্তি জানিয়েছে। তাদের আপত্তির কারণেই নতুন করে দরপত্র আহ্বান করা হবে। প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) অর্থ সহায়তা দিচ্ছে।