আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আজ রোববার সংসদের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ এ তথ্য জানান।মুহিবুর রহমানের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চট্টগ্রাম, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার সফল হয়েছে। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল পাঁচটা ১০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়।কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ২০১১ সালে কল্যাণপুর প্রধান খাল থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। এরপর খালটি পুনঃ খনন করা হয়েছে। কিন্তু পলি জমে খালটি প্রতি বছর ভরাট হয়ে যায়। যে কারণে পুনঃ খনন করতে হয়। চলতি অর্থবছরে খালটি পুনঃ খনন করার জন্য ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।নজরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঢাকা মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় রূপসী বাংলা হোটেলের সামনে, মৌচাক, কাজীপাড়া, ধানমন্ডি, মিরপুর-১ থেকে কল্যাণপুর খাল এবং উত্তরা-১ ও ৩ নম্বর সেক্টরসহ রাজধানীর অন্যান্য এলাকায় মোট ১৭ কিলোমিটার স্টর্ম স্যুয়ার লাইন নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন বর্ষার আগেই এ কাজ শেষ হবে।নুরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূরীকরণে তিনটি নতুন খাল খননের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হবে ষোলোশহর থেকে বহদ্দারহাট পর্যন্ত। এটি তৈরি হলে ষোলোশহর, বহদ্দারহাট ও বিবিরহাটের জলাবদ্ধতা দূর হবে। ২৯৭ কোটি ব্যয়ে অন্য একটি খাল হবে বহদ্দারহাট থেকে বলিরহাট পর্যন্ত। তৃতীয় খালটি হবে শীতল ঝরনা থেকে নয়াখাল পর্যন্ত।নাজমা আকতারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০০৯ সালে ঢাকার জেলা প্রশাসক ও ওয়াসা যৌথ উদ্যোগে রাজধানীর ২৬টি খালের মধ্যে অবৈধভাবে দখল হয়ে যাওয়া ১৪টি খাল উদ্ধারে অভিযান চালায়। এরই মধ্যে নয়টি খাল পুরোপুরি দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত করার পর খালগুলো সচল রাখতে পুনঃ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো হলো কাঁটাসুর, কল্যাণপুর-ক, কল্যাণপুর প্রধান, দেবধোলাই, কল্যাণপুর-ঘ, রামচন্দ্রপুর, কল্যাণপুর-খ, মহাখালী ও রূপনগর খাল।বিএনপির রেহানা আক্তারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, ২০১০ সালে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এ কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। শোধনাগারটি চালু হলে প্রতিদিন অতিরিক্ত ২২ দশমিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় এক হাজার ১৩৯ দশমিক ৯১ কোটি টকা। এ ছাড়া সায়েদাবাদ পানি শোধনাগার তৃতীয় পর্যায়ের কাজ শুরুর ব্যাপারে প্রস্তুতি চলছে। এটি শেষ হলে প্রতিদিন অতিরিক্ত ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় চার হাজার কোটি টাকা। ওয়াসা পদ্মা থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহের লক্ষ্যে শোধনাগার নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে। এ বিষয়ে চীন সরকারে সঙ্গে ওয়াসার আলোচনা চলছে। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় তিন হাজার ৩৩৬ কোটি টাকা।