আগামী সপ্তাহে আরও চুক্তি, পিডিবির প্রস্তুতি যথেষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জরুরি ভিত্তিতে স্বল্পতম সময়ে ভাড়াভিত্তিক বিদ্যুৎ (কুইক রেন্টাল) কেনার যে প্রক্রিয়া শুরু করেছে, তার অধীনে আগামী সপ্তাহে আরও একাধিক চুক্তি হচ্ছে। যুক্তরাষ্ট্রের এলস্থম ও জিই, যুক্তরাজ্যের এম পাওয়ার, অস্ট্রেলিয়ার এপেক ও বেলজিয়ামের পাওয়ার সলিউশন এমবির সঙ্গে এসব চুক্তি হতে পারে।তবে এসব কেন্দ্র থেকে অতি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ নেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রস্তুতি যথেষ্ট নয়। এসব বিদেশি কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য পিডিবিকে তৈরি করা জায়গা দিতে হবে। সঞ্চালন লাইনে বিদ্যুৎ দেওয়ার জন্য সুযোগ (ইভাকুয়েশন সিস্টেম) তৈরি করে দিতে হবে। কিন্তু যেসব স্থানে এ বিদ্যুৎকেন্দ্রগুলোর পরিকল্পনা সরকারের রয়েছে, তার সর্বত্র প্রয়োজন অনুযায়ী এ সুযোগগুলো নেই বলে সরকারি-বেসরকারি সূত্রে জানা গেছে। সূত্রগুলো জানায়, এলস্থমের প্রতিনিধি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের জন্য সম্ভাব্য জায়গা দেখে এসেছেন। জিই ও পাওয়ার সলিউশনের প্রতিনিধিরা ঢাকায় আছেন। তাঁদের সঙ্গে সরকারের আলোচনা চলছে। তুরস্কের একটি কোম্পানিও সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এ যাত্রায় সরকার মোট ৬২০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি করবে। এরপর হিসাব করে প্রয়োজন হলে আরও পদক্ষেপ নেওয়া হবে। এ চুক্তির পরিমাণ দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত হতে পারে। এসব বিষয় নিয়ে গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের সভা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ প্রমুখের উপস্থিতিতে সভায় চুক্তি স্বাক্ষর প্রক্রিয়া, বিদ্যুতের দাম, তৈরি করা জায়গা এবং ইভাকুয়েশন-ব্যবস্থার বর্তমান অবস্থা ছাড়াও দরপত্র ও বিদ্যুৎ কেনার এই উদ্যোগের আইনগত দিক নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।এদিকে গতকাল বুধবার দুপুরে যুক্তরাজ্যের কোম্পানি এগ্রিকোর সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরের পর অনেক রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে বৈঠক চলেছে। বৈঠকে আলোচনার বিষয় ছিল বিদ্যুৎকেন্দ্রের জন্য খুলনা ও ঘোড়াশালে জায়গা দেওয়া এবং সঞ্চালন লাইনে বিদ্যুৎ দেওয়ার সুযোগ তৈরি। সরকারের পক্ষে ক্রেতা হিসেবে পিডিবির এসব সুযোগ করে দেওয়ার কথা। কিন্তু ওই দুটি স্থানে বিদ্যুৎকেন্দ্রের জন্য তৈরি করা জায়গা থাকলেও ইভাকুয়েশন-ব্যবস্থা প্রস্তুত নেই। এটা করতে বেশ কিছু সময় লাগতে পারে। বৈঠকে এগ্রিকোর পক্ষ থেকে এ বিষয়ে পিডিবিকে তাড়া দেওয়া হয়েছে। কারণ তাদের সব প্রস্তুতি আছে দুই মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আসার এবং আগামী ২২ জুনের মধ্যে খুলনা কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের। ঘোড়াশালের কেন্দ্রটি থেকেও তারা ২৮ জুলাইর মধ্যে বিদ্যুৎ সরবরাহ করবে।এই ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎ কেনার সরকারি পরিকল্পনা প্রধানমন্ত্রীর সুবজ সংকেত পায় ৮ এপ্রিল। এ মাসের মধ্যেই সরকার এ ক্রয়-প্রক্রিয়ার প্রথম পর্ব শেষ করতে চায় বলে জানা গেছে।সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, বিদ্যুৎ পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তা থেকে উত্তরণের জন্য ‘কুইক রেন্টাল’-এর মতো পদক্ষেপ ছাড়া উপায় নেই। কিন্তু এ পদক্ষেপ সাময়িক। এর পাশাপাশি বিদ্যুৎ-সংকটের স্থায়ী সমাধানের জন্য বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ ত্বরান্বিত করা জরুরি। অথচ সে ক্ষেত্রে অগ্রগতি কম।তা ছাড়া ‘কুইক রেন্টাল’ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা অত্যধিক ব্যয়সাপেক্ষও। যে ২০০ মেগাওয়াট কেনার প্রাথমিক চুক্তি হয়েছে, তাতে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম পড়ছে প্রায় সাড়ে ১৪ টাকা। অথচ প্রতি ইউনিট সাড়ে সাত টাকারও কম দামে দেওয়ার একটি প্রস্তাব প্রায় ছয় মাস ধরে পড়ে আছে। সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ঢাকার অদূরে মদনগঞ্জে ১১০ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের প্রস্তাব দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান শাহজীবাজার বিদ্যুৎ কোম্পানি। এ ছাড়া জামালপুরে ৫০ মেগাওয়াট ও খুলনায় খুলনা পাওয়ার কোম্পানির (কেপিসিএল) বিদ্যমান ১০০ মেগাওয়াট কেন্দ্রটি সম্প্রসারণ করে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবও পড়ে আছে। এগুলো স্থাপনের সিদ্ধান্ত দেওয়া হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে অপেক্ষাকৃত কম দামে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।