আগামী সপ্তাহে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘ইনশাল্লাহ, আমরা আশা করছি, আগামী সপ্তাহে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি এখন গণদাবিতে পরিণত হয়েছে। আমি মনে করি, এটা এখন সময়ের ব্যাপার মাত্র। যথাসময়ে যথাসিদ্ধান্ত নেওয়া হবে।’আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতনকাঠামো বৃদ্ধির বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত র্িছলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ।আইনমন্ত্রী বলেন, যেসব রাজনৈতিক দল জঙ্গিবাদ বা মানুষের জীবন হরণ বা জনজীবনে অসন্তোষ তৈরি করতে রাস্তায় বেরিয়ে আসছে, সেসব রাজনৈতিক দলের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি করার অধিকার নেই। এ ব্যাপারে যা করণীয়, তা করার চিন্তা-ভাবনা করছে সরকার। এ ব্যাপারে নির্বাচন কমিশনেরও দায়িত্ব রয়েছে।শফিক আহমেদ আরও বলেন, ‘সংবিধানের ৩৮ ধারা বিশ্লেষণ করে দেখলে এবং এর সঙ্গে আরপিও মিলিয়ে দেখলে আমার মনে হয়, এসব রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের যথেষ্ট উপাদান রয়েছে। সুপ্রিম কোর্টে ২০০৯ সালের একটি রিট আবেদন আছে। সেটা যদি শুনানিতে আসে, তাহলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেও এসব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে কি না, তা দেখা যাবে।’অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো দলকে তো আর জরিমানা দেওয়া যায় না। তবে তখন জামায়াতের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের সাজা দেওয়া যায় এবং দলকে নিষিদ্ধ করা যেতে পারে। ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হচ্ছে না উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তবে জামায়াতের মতো যারা উগ্র দল, তাদের নিষিদ্ধ করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’