নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনকে ২৭টি ওয়ার্ডে ভাগ করে সীমানা নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ কারণে নির্বাচন কমিশন (ইসি) তাদের সিদ্ধান্ত বদল করে নির্ধারিত সময়ের মধ্যে কুমিল্লা সিটি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, চলতি মাসের তৃতীয় সপ্তাহে (আগামী সপ্তাহে) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হবে আগামী ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে। নির্বাচন কমিশন সূত্র জানায়, ৩ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বিন্যাসের বিষয়ে অবহিত করে কমিশনকে চিঠি দিয়েছে। যে কারণে কমিশন গতকালের বৈঠকে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ সিটি করপোরেশন নির্বাচন আইনের ৩৪ ধারা অনুযায়ী করপোরেশন গঠনের পরবর্তী ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশনে নির্বাচন আয়োজন করতে হবে। এই হিসাবে আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটির নির্বাচন করতে হবে। কারণ কুমিল্লা সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল চলতি বছরের ৬ জুলাই এবং গেজেট প্রকাশ হয়েছিল ১০ জুলাই। বিধান অনুযায়ী ১৮০ দিনের গণনা শুরু হবে ৬ জুলাই থেকে। তাই ১ থেকে ৫ জানুয়ারির মধ্যে যেকোনো দিন ভোট গ্রহণ ঘোষণার বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি কমিশন খতিয়ে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে। সাখাওয়াত হোসেন আরও জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শতভাগ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তাভাবনা চলছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাফল্যজনকভাবে ব্যবহূত হওয়ায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে ৬৫টি ভোটকেন্দ্র এবং ৪৫৩টি ভোটকক্ষ থাকবে। তবে শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হলে কক্ষসংখ্যা কমে যাবে।ওয়ার্ডের সীমানা বিন্যাসে বিলম্ব হওয়ায় এর আগে নির্বাচন কমিশন থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের ব্যাপারে সংশয় প্রকাশ করা হয়েছিল। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তখন বলেছিলেন, যথাসময়ে ওয়ার্ডের সীমানা বিন্যাস না হলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অপর দুই কমিশনারের মেয়াদে কুমিল্লা সিটির নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে গতকাল এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘বর্তমান কমিশনারদের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। যে কারণে এই নির্বাচনটি করার ব্যাপারে আমাদের আগ্রহ ছিল না। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত নির্বাচনটি করতে হচ্ছে।’ স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান গতকাল প্রথম আলোকে জানান, কুমিল্লা সিটি করপোরেশনের সীমানা বিন্যাস করে তা গেজেট আকারে প্রকাশের জন্য গত ৩ নভেম্বর বিজি প্রেসে পাঠানো হয়েছে। এতে করপোরেশনকে ২৭টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। আজকালের মধ্যে গেজেটের কপি হাতে পাওয়া যেতে পারে। সাখাওয়াত হোসেন বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার আগে সম্ভাব্য প্রার্থীদের কেউ রঙিন পোস্টার বা ব্যানারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালালে তাঁদের সবার আয়কর ফাইল পরীক্ষা করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে তিনি নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলগুলো যে তৎপরতা চালায়, তা থেকে বিরত থাকার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানান। সুষ্ঠু হলে বিএনপি নির্বাচনে যাবে: এম কে আনোয়ার কুমিল্লা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, জনগণ যদি মনে করে, সরকার সুষ্ঠু নির্বাচন করবে, তাহলে কুমিল্লা সিটি করপোরেশনে বিএনপির প্রার্থী নির্বাচনে যাবেন। নারায়ণগঞ্জের মতো পাতানো ও ষড়যন্ত্রমূলক নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশনও সংবিধান লঙ্ঘন করেছে। ওই নির্বাচনের পরে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত ছিল।গতকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি এলাকার মাদার চাইল্ড প্রি-ক্যাডেট স্কুল মাঠে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এ কথা বলেন। এম কে আনোয়ার আরও বলেন, সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণ এর জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণের ওই জবাবকে রুদ্ধ করার জন্য দলীয় সরকারের অধীনে ওরা নির্বাচন করে পার পেতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ওই অপচেষ্টাকে প্রতিহত করবে।