আগামী সপ্তাহে ঢাকায় বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিবদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ১৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। তিন দিনের বৈঠকে দুই দেশের নিরাপত্তা সম্প্রসারণ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে ভারতের ১০ সদস্যের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব আর কে সিং; আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক। ভারতের স্বরাষ্ট্রসচিব বাংলাদেশে অবস্থানের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এ এ মাহমুদ আলী ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এ ছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাককে সঙ্গে নিয়ে আর কে সিংয়ের আখাউরা-আগরতলা সীমান্তে অবকাঠামো নির্মাণের অগ্রগতি দেখার কথা রয়েছে। দুই স্বরাষ্ট্রসচিবের আলোচনার আগে ১৫ অক্টোবর বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের (জেডব্লিউজি) বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর-পূর্বাঞ্চল) শম্ভু সিং ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামালউদ্দীন আহমেদ।