আগামী সপ্তাহে বাজারে আসছে মাইক্রোসফটের নতুন মুঠোফোন
মাইক্রোসফট আগামী সপ্তাহে নতুন এক সিরিজের মুঠোফোন বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। তরুণ ক্রেতাদের জন্য নির্মিত এই সিরিজের মুঠোফোনে থাকবে সামাজিক নেটওয়ার্কিংয়ের নানা সুযোগ-সুবিধা।মাইক্রোসফটের একজন মুখপাত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদ সংস্থা জানিয়েছে, মাইক্রোসফট ১২ এপ্রিল সান ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু অনুষ্ঠানটির উদ্দেশ্য কী তা তিনি জানাতে অস্বীকার করেন।জাপানের শার্প করপোরেশন নির্মিত এই নতুন সিরিজের মুঠোফোনের সফটওয়্যার, অনলাইন সার্ভিস ও হার্ডওয়্যারের ডিজাইন করেছে মাইক্রোসফট। শুরুতে এই নতুন মুঠোফোনগুলো শুধু যুক্তরাষ্ট্রে পাওয়া গেলেও পরে সেগুলো বিশ্বব্যাপী বিক্রি হবে।মুঠোফোনগুলো যে সফটওয়্যার ব্যবহার করবে, তা হুবহু উইন্ডোজ ফোন ৭ নামে মাইক্রোসফটের একটি নতুন মোবাইল ফোন অপারেটিং সিস্টেমের মতোই। মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৭ বাজারে ছাড়বে এ বছরের শেষ নাগাদ।