আগামী সপ্তাহে ভিটামিন এ নিয়ে প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানিয়েছেন, ভিটামিন এ নিয়ে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেবে।আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ৭ এপ্রিল বিশ্বস্বাস্থ্য দিবস। এই দিবস পালন উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে। এবারের বিশ্বস্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার’।১২ মার্চ সারা দেশের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ নিয়ে ব্যাপক গুজব সৃষ্টি হয়। মা-বাবা ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।১৩ মার্চ ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি করে মন্ত্রণালয়। কমিটির ৩১ মার্চ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। পরে কমিটি সময় বাড়ায়। সংবাদ সম্মেলনে কমিটির প্রধান অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম লস্করও উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এর আগে লিখিত বক্তব্য উপস্থাপনের সময় রুহুল হক বলেন, উপজেলা হাসপাতাল, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনা মূল্যে রক্তচাপ পরিমাপ ও ওষুধ পাওয়া যায়। তিনি জানান, প্রতিটি কমিউনিটি ক্লিনিকেই রক্তচাপ মাপার যন্ত্র আছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ সচেতন হলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে। সুষম ও পরিমিত খাদ্য, নিয়মিত ফল ও সবজি খাওয়া, আঁশযুক্ত খাদ্য গ্রহণ, চর্বি কম খাওয়া, বাড়তি লবণ না খাওয়া রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন।