আগামী সপ্তাহেই সংবিধান পুনর্মুদ্রণের জন্য প্রেসে যাবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আগামী সপ্তাহে সংবিধান পুনর্মুদ্রণের জন্য প্রেসে দেওয়া সম্ভব হবে। সংবিধান পুনর্মুদ্রণের ব্যাপারে আইন মন্ত্রণালয় জোরেশোরে কাজ করছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এম ভাকুর আর্কুলের সঙ্গে সাক্ষাত্ শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। শফিক আহমেদ বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা-সংক্রান্ত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে মূল সংবিধানের রাষ্ট্র পরিচালনা ও আইন করার মূলনীতিগুলো ফিরে আসবে। সুপ্রিম কোর্ট রায়ে সংবিধান সংশোধন করেননি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার সরকারি নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আদালত যে রায় দেন, তা সবাইকে মানতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন।আইনমন্ত্রী আরও জানান, বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূতকে আইন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সর্ম্পকে জানানো হয়েছে। রাষ্ট্রদূত সরকারের উন্নয়নকাজের প্রশংসা করে বলেছেন, বিচার-ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে আসার জন্য তিনি তুরস্কের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।