আগামী ১ নভেম্বর থেকে হকার উচ্ছেদ হচ্ছে না
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদের সিদ্ধান্ত পবিত্র ঈদুল আজহার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, হকারদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানানো হবে। এর আগে ১ নভেম্বর থেকে রাজধানীর ফুটপাত থেকে হকার উচ্ছেদের কথা জানানো হয়েছিল। আজ সোমবার দুপুরে সচিবালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। যোগাযোগমন্ত্রী বলেন, ‘মোটরসাইকেলে হেলমেট ব্যবহার, ব্যক্তিগত গাড়ির চালক ও সামনের সিটের আরোহীদের সিটবেল্ট বাঁধা, উড়াল সেতু ও আন্ডারপাস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বহাল আছে।’ এর আগে গত ২১ সেপ্টেম্বর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৩৩তম সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাংসদ রাশেদ খান মেনন, সাংসদ হাসানুল হক ইনু, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা ছাড়াও হকার্স লীগের কর্মকর্তা, বাস মালিক শ্রমিক নেতারা প্রমুখ।