আগামী ১০ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু
আগামী ১০ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্প নিয়ে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের লক্ষ্যে তিনি একটি প্রতিনিধিদল নিয়ে আজ রাতে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন। আগামী মঙ্গলবার সমঝোতা স্মারকে সই হবে।বাংলাদেশের পক্ষে ওবায়দুল কাদের এবং মালয়েশিযার পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু (মন্ত্রী পদমর্যাদার) এমওইউ সই করবেন।আজ রোববার দুপুরে মন্ত্রী সড়ক ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হলে অর্থায়নের কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘মালয়েশিয়া আমাদের নিশ্চিত করেছে যে অর্থায়নের কোনো সমস্যা হবে না, বরং খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি সই হবে।’মালয়েশিয়ার সঙ্গে চুক্তি হলে বিশ্বব্যাংকের সঙ্গে আগের চুক্তিটির ভবিষ্যত্ কী হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে করা চুক্তিটি এখনই বাতিল করার প্রয়োজন নেই। বিশ্বব্যাংকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগও নেই। আমাদের সময় কম বলেই বিকল্প অর্থায়নের কথা চিন্তা করা হয়েছে।’মন্ত্রী জানান, বিশ্বব্যাংককে বরং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মাসেতুতে অর্থায়নের অনুরোধ জানানো হবে। প্রতিনিধিদলে আরও রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।