আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি সঞ্চালনশীল মেঘমালার কারণে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মংলা, চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া দপ্তর বলেছে, আজ বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ (৪৪-৮৯ মিমি অথবা আরও অধিক) হতে পারে । গতকাল মঙ্গলবার থেকে এসব বিভাগে বৃষ্টি হচ্ছে। আজ দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ৪৯ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে টেকনাফ, কক্সবাজার ও তৎসংলগ্ন পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও করছে আবহাওয়া দপ্তর।